Source : BBC NEWS
ছবির উৎস, AFP via Getty Images
কলকাতার মির্জা
গালিব স্ট্রিটে হোটেলে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত
করেছে কলকাতা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে
জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং
মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা।
আর আহমেদ বাবু নামে
পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।
পুলিশের দেওয়া তথ্য
অনুযায়ী, নিহতদের মধ্যে তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত এবং তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার
আরুয়াপাড়া, মোহিনী মিল এলাকার বাসিন্দা।
এই ঘটনায় নিহত
বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।
এদিকে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের
ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে বিবিসি বাংলাকে জানান, নিহতদের মধ্যে অন্তত
পাঁচজন যে বাংলাদেশি নাগরিক – তাদের পরিচয় শনাক্ত করে সেই তথ্য পুলিশ ও এফআরআরও সূত্রে
উপদূতাবাসকে জানানো হয়েছে।
ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও হলো স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের যে বিভাগ ভারতে আসা বিদেশি নাগরিকদের সব ডেটা ও গতিবিধির রেকর্ড রাখে।




