Home LATEST NEWS BANGLA পত্রিকা: ‘আ.লীগ সরকারের ৩১ বিদ্যুৎ প্রকল্প থাকছে না’

পত্রিকা: ‘আ.লীগ সরকারের ৩১ বিদ্যুৎ প্রকল্প থাকছে না’

5
0

Source : BBC NEWS

পত্রিকা

Published

পড়ার সময়: ৮ মিনিট

খবরে বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেসরকারি খাতে ৩ হাজার ৫৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নবায়নযোগ্য জ্বালানির ( সৌর, বায়ু এবং বর্জ্য) ৩১টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প অনুমোদন করা হয়েছিল। বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে অনুমোদন করা এসব প্রকল্প গত বছরের ২৬ আগস্ট বাতিল করে দেয় আন্তর্বর্তী সরকার।

বিএনপি সরকার ক্ষমতায় এসে এই ৩১টি প্রকল্প যাচাই-বাছাই করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে।

তবে বিদ্যুৎ বিভাগের শীর্ষ নীতিনির্ধারকরা জানিয়েছেন, আওয়ামী লীগ আমলের সেই ৩১ প্রকল্প নতুন করে জীবিত করার কোনো সুযোগ নেই। প্রচলিত আইনে সেটি সমর্থনও করে না।

জানা গেছে, বর্তমান সরকারের নীতিনির্ধারকদের একটি অংশ কাগজপত্র যাচাই-বাছাই করে ওই ৩১টি প্রকল্পের কয়েকটিকে অনুমোদনের ব্যাপারে ইতিবাচক ছিলেন।

সেজন্য পিডিবির চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। অভিযোগ আছে, এই কমিটি গঠনের প্রক্রিয়াও যথাযথ ছিল না।

যুগান্তর

খবরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

এ ছাড়া কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার সেনা মোতায়েন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা জরুরি চিঠিতে জানানো হয়, ২২শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত উল্লিখিত এলাকায় সেনা সদস্যরা মোতায়েন থাকবেন।

মোতায়েনকৃত এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পদের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন বলে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিষয়টি নিয়ে আলোচনা কয়েক দিন ধরেই চলমান। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়।

বার্তায় ২৩ জুনকে সামনে রেখে সারা দেশে পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে নির্দেশনা দেয় সদর দপ্তর।

কালের কণ্ঠ

খবরে বলা হচ্ছে, খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমাতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী বৃহস্পতিবার বিইআরসি এ-সংক্রান্ত আদেশ দিতে পারে। তবে পাইকারি বিদ্যুতের দাম কতটা কমানো হবে, তা এখনো নির্ধারণ করতে পারেনি কমিশন।

গত ৩ জুন বিইআরসি পাইকারি ও গ্রাহকপর্যায়ে খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ দেয়। এর ঠিক এক দিন পর বিইআরসি দাম বৃদ্ধির বিষয়টি সংশোধন করে শূন্য থেকে ৫০ এবং শূন্য থেকে ৭৫ ইউনিট এ দুই ধাপে আগের দাম বহাল রাখে।

এতে করে গত ৩ জুন বিদ্যুতের খুচরা মূল্য গড়ে ১০ টাকা ৬৩ পয়সা থেকে ২৩ পয়সা কমে ১০ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়।

এর ফলে বিতরণ কোম্পানিগুলোর রাজস্ব আদায় দুই হাজার ৩০০ কোটি টাকা কমবে। এর মধ্যে এককভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) রাজস্ব কমবে এক হাজার ৭৮০ কোটি টাকা।

দেশ রূপান্তর

খবরে বলা হচ্ছে, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মী নিয়োগের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবের বিষয়টি উল্লেখ করে মালয়েশিয়ার দিক থেকে জানানো হয়েছে, তাদের বিদ্যমান নীতির আলোকে নতুন বিদেশি কর্মী কোটার অনুমোদন প্রতিটি আবেদন আলাদাভাবে বিবেচনা করা হবে।

এ ছাড়া বিদ্যমান শ্রমশক্তি অভিবাসন সমঝোতা স্মারক পর্যালোচনা করে বর্তমান বাস্তবতা ও প্রয়োজন অনুসারে একটি নতুন ও হালনাগাদ কাঠামো তৈরির জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনে সম্মত হয়েছে দুই দেশ।

মালয়েশিয়ার পুত্রজায়ায় গতকাল সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন , ‌’আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’

দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

আজকের পত্রিকা

দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘Dhaka asks KL to invest in oil, gas exploration’ অর্থাৎ ‘কুয়ালালামপুরকে তেল ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান ঢাকার’।

খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল মালয়েশিয়ায় তাঁর দুই দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরকালে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তি এবং স্বচ্ছ শ্রম অভিবাসনের ওপর গুরুত্বপূর্ণ জোর দিয়েছেন তিনি।

এদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রতিনিধিদলীয় আলোচনায় নেতৃত্ব দেন দুই সরকারপ্রধান।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতাও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

দ্বিপাক্ষিক আলোচনার পর, সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সন্ত্রাসবাদ-বিরোধী গবেষণা ও বিনিয়োগ প্রসার ও সহজীকরণ ক্ষেত্রে দুটি নোট বিনিময় (ইওএন) স্বাক্ষরের সাক্ষী হন দুই দেশের সরকারপ্রধান।

দ্য ডেইলি স্টার

নিউ এইজের শিরোনাম ‘Govt forms search body to propose ACC commissioners’ অর্থাৎ ‘দুদক কমিশনারদের নাম প্রস্তাব করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে সরকার’।

খবরে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে সরকার। যাদের মধ্যে থেকে একজনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।

সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে কমিশনার ও চেয়ারম্যান ছাড়া সংস্থাটি অকার্যকর রয়েছে। এরপর এমন উদ্যোগ নিল সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর অধীনে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক-আল-জলিল, কম্পট্রোলার ও অডিটর জেনারেল মো. নুরুল ইসলাম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোমেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নিউ এইজ

খবরে বলা হচ্ছে, নিজ নিজ সংসদীয় আসনের রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হবে সংসদ সদস্যদের জন্য। প্রতিবছর ১০ কোটি টাকা করে পাঁচ বছর এই টাকা দিয়ে সংসদ সদস্যরা নিজেদের পছন্দমতো অবকাঠামো উন্নয়ন করতে পারবেন।

নতুন সংসদ সদস্যদের জন্য এই বরাদ্দ দিতে প্রকল্প নিচ্ছে সরকার। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন (বিভাগওয়ারি) নামের প্রকল্প তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

এলজিইডির কর্মকর্তারা বলছেন, সংসদ সদস্যরা অগ্রাধিকার বিবেচনায় নিজ নির্বাচনী এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার, ঘাট ইত্যাদির তালিকা দেবেন। সে তালিকা ধরে বরাদ্দের টাকায় কাজ করবে এলজিইডি।

সংসদ সদস্যদের এ ধরনের বরাদ্দ দেওয়া শুরু হয় ২০০৫-০৬ অর্থবছরে। ওই বছর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রত্যেক সদস্যকে দুই কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এই প্রকল্প অনুমোদিত হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার সংসদ সদস্যদের এমন বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রথম আলো

খবরে বলা হচ্ছে, অন্তবর্তী সরকার সাশ্রয়ী মূল্যে ওষুধ সহজলভ্য করতে ২৯৫টি ওষুধ অন্তর্ভুক্তি করে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করেছিল।

তবে আগের সরকারের রেখে যাওয়া তালিকা কার্যকর না করে বিএনপি সরকার নতুন করে তালিকাটি হালনাগাদের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

এই কাউন্সিলের নেতৃত্ব দেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পরিষদের অন্যতম প্রধান দায়িত্ব হবে নতুন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং তা দুই বছর অন্তর হালনাগাদ করা। এছাড়া কমিটি বছরে অন্তত দুইবার বৈঠক করবে এবং প্রয়োজনে নতুন সদস্য নিতে পারবে।

সমকাল

খবরে বলা হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ) নামানোকে কেন্দ্র করে এপ্রিলের প্রথম সপ্তাহে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় এক শিশু। ওই ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ৫০টির বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় পর্যায়ের রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গার্মেন্টস খাতসংশ্লিষ্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, তৈরি পোশাক শিল্প সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ঝুট অর্থনীতি এখন কেবল বর্জ্য ব্যবস্থাপনার বিষয় নয়। বরং এ খাতের নিয়ন্ত্রণ স্থানীয় ক্ষমতা ভারসাম্যের এক জটিল অনানুষ্ঠানিক কাঠামোয় পরিণত হয়েছে। ফলে ঝুটকে ঘিরে সংঘাত বিভিন্ন শিল্পাঞ্চলে নিয়মিতভাবে সামনে আসছে।

বণিক বার্তা

খবরে বলা হচ্ছে, নিজেকে আরও উঁচুতে নিয়ে গেলেন ‘মেসি দ্য ম্যাজিশিয়ান’। এক ম্যাচে ভাঙলেন বিশ্বকাপের দুই রেকর্ড। গতকাল অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।

ডালাস স্টেডিয়ামে এই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপের ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২ রাউন্ড নিশ্চিত করলো আর্জেন্টাইনরা।

এদিন দিয়েগো ম্যারাডোনার এক স্মৃতি তাজা করেন মেসি। ১৯৮০তে অস্ট্রিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। গতকাল পেনাল্টি মিস না করলে হ্যাটট্রিক পেতেন মেসিও।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। তার গোলসংখ্যা দাঁড়ালো ১৮-তে। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি ভেঙে দিলেন আর্জেন্টাইন জাদুকর। ক্লোসার আরও একটি রেকর্ড ভাঙলেন মেসি।

বিশ্বকাপে এটি মেসির সর্বোচ্চ ১৭তম জয়। ১৬টি জয় রয়েছে ক্লোসার।

স্টকে মুখোমুখি বৈঠক থেকে বেরিয়ে গেলে আলোচনা উত্তেজনাপূর্ণ পরিবেশে শুরু হয়।

মানবজমিন

খবরে বলা হচ্ছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চললো। স্বৈরাচারী শাসনব্যবস্থার পতনের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো বদলে ফেলার এক বিশাল স্বপ্ন নিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

তাদের প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার। এরপর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কিন্তু অন্তর্বর্তী সরকারের বিদায় এবং নতুন রাজনৈতিক সরকার গঠনের দুই বছর পর আজ একটি বড় প্রশ্ন সামনে এসেছে জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা বাস্তবে কতটা পূরণ হয়েছে? নাকি পুরো প্রক্রিয়াই রাজনৈতিক সমঝোতা ও ক্ষমতার হিসাব-নিকাশের গোলকধাঁধায় আটকে গেছে?

নয়াদিগন্ত