Home LATEST NEWS BANGLA সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

6
0

Source : BBC NEWS

ধূসর চুল ও চশমা পরা, কালো টি-শার্ট পরিহিত এক বয়স্ক লোকের পিঠ দেখা যাচ্ছে, একজন তরুণী তাকিয়ে আছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্তু শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করতেন, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

রোববার জেনসেন হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর প্রতি ‘বিশ্বস্ত ছিলেন না’। এ ঘটনায় স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।

বিশ্বের অন্যতম দামী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া এসব রিপোর্টের বিষয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে তারা মনে করে না। তারা আরো বলেছে, জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটির নেতৃত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সম্পর্কের বিষয় নিয়ে তদন্ত করছে এফবিআই।

তবে, বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে এফবিআই এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্প বলেছেন, চীনের গুপ্তচরবৃত্তির শিকার হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের বিশ্বাস – এমন খবর প্রকাশের পর তিনি সোমবার হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি তাকে প্রশ্নটা করেছিলাম, ‘আপনার কি কোনো ধারণা ছিল যে সে একজন গুপ্তচর?’ তিনি বলেছিলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না যে সে একজন গুপ্তচর’ এবং আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি।”

এই ঘটনা সম্পর্কে আমরা কী জানি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, তা এখানে তুলে ধরা হলো।

জেনসেন হুয়াং

অ্যালিস হুয়াং কে এবং এ নিয়ে আমরা কী জানি?

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করতেন, চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা অ্যালিস হুয়াংকে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ করেছিল।

বর্তমানে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।

জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ কর্মকর্তা ছিলেন।

এনভিডিয়ার চিপ চীনে পাচারে সহায়তা করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়েছিল। তবে এনভিডিয়া বলছে, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তবে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে আগের কিছু অভিযোগ নিয়ে সিঙ্গাপুর সরকার তদন্ত করছে। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি মেগাস্পিডের সঙ্গে যোগাযোগ করেছে।

গত মাসে নিউইয়র্ক টাইমসকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, মেগাস্পিডের বর্তমান নেতৃত্ব অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার জন্য বাইরের আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্যমতে, নজরদারির মাধ্যমে অ্যালিস হুয়াং এবং একজন মার্কিন নাগরিকের মধ্যে যোগাযোগ ফাঁস হয়, যাকে পরবর্তীতে ‘আনমাস্কিং’ নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে জেনসেন হুয়াং হিসেবে শনাক্ত করা হয়।

এটা এখনও অস্পষ্ট যে, অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তিনি ঠিক কী ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বেইজিংকে পাঠিয়েছিলেন।

অ্যালিস হুয়াং এ বিষয়ে মন্তব্যের জন্য পত্রিকাটির অনুরোধে সাড়া দেননি।

বিবিসি যখন এনভিডিয়াকে জিজ্ঞাসা করেছিল যে সংস্থাটি গোয়েন্দা তথ্য সংক্রান্ত উদ্বেগ সম্পর্কে অবগত কী-না, তখন সংস্থাটি জানায় যে তারা অবগত নয়।

“আমরা বিশ্বাস করি যে, যদি আমরা কোনো প্রকৃত হুমকির লক্ষ্যবস্তু হতাম, তাহলে মার্কিন সরকার আমাদের অবহিত করত,” এনভিডিয়ার একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন।

চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার এক নিয়মিত দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন: “আমরা এর জবাব দিয়েছি। চীনা গুপ্তচর সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনের সুনাম ও বদনাম করার উদ্দেশ্যে করা হয়েছে।”

অক্টোবরের শেষের দিকে নিউ ইয়র্ক টাইমস জানায় যে, গত বছর ট্রাম্পকে এমন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত করা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয় যে অ্যালিস হুয়াং চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন।

রোববার সাংবাদিকেরা জানতে চান, ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি অনুতপ্ত কী-না। জবাবে ট্রাম্প বলেন, “না, আমার তা মনে হয় না। আমার মনে হয়, তিনি একজন সম্মানিত মানুষ।”

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে হুয়াং সম্পর্কে জানতে চাওয়া হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বসন্তে পররাষ্ট্রমন্ত্রী একটি স্মারকলিপির খসড়া প্রণয়নের তত্ত্বাবধান করেছিলেন, যেখানে ট্রাম্প প্রশাসনকে ওই চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে সতর্ক করা হয়েছিল।

গুপ্তচর

ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ?

যুক্তরাষ্ট্র ও চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনভিডিয়া। আর একারণেই ধনকুবের প্রধান নির্বাহীর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

ট্রাম্প বলেছেন, “এআই-তে যে জিতবে, শেষ বিচারে সেই জিতবে”, এবং আশঙ্কা করা হচ্ছে যে, এআই-তে চীন যদি প্রাধান্য পায়, তবে তা দেশটির সামরিক ও নজরদারি সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে।

এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের এগিয়ে থাকার পেছনে বড় ভূমিকা রয়েছে এনভিডিয়ার মতো মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর।

এসব প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। বিশ্বের সবচেয়ে উন্নত চিপের ৯০ শতাংশেরও বেশি উৎপাদন করে টিএসএমসি।

২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র চীনের কাছে সেরা প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে বিভিন্ন রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে আসছে, যা তাদের মতে আমেরিকার প্রতিযোগিতামূলক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করে।

এর অর্থ হলো, এনভিডিয়ার মতো কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে লাভজনক বাজার থেকে মূলত বাদ পড়ে গেছে, এবং হুয়াং একবার বলেছিলেন যে চীনা বাজারে এনভিডিয়ার অংশ প্রায় ৯৫ শতাংশ থেকে কার্যত শূন্যে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের অনুমোদিত একটি পথ খুঁজে বের করার আশায় এবং একই সাথে চীন বিষয়ে মার্কিন নীতিকে প্রভাবিত করার জন্য হুয়াং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিতে নিযুক্ত হয়েছেন।

রোববারের এ তথ্য হয়তো ব্যাখ্যা করতে পারে, কেন হুয়াং এনভিডিয়ার জন্য সবচেয়ে বড় পুরস্কারটি – অর্থাৎ তাদের সবচেয়ে উন্নত চিপগুলো ছাড়া বাকি সব চিপ চীনে বিক্রি করার জন্য ট্রাম্প প্রশাসনের অনুমোদন – আয়ত্ত করতে ব্যর্থ হয়েছেন।

হোয়াইট হাউসে এক বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলার জন্য ঝুঁকে পড়েন।

জেনসেন হুয়াং কে?

১৯৬৩ সালে তাইওয়ানে জন্মগ্রহণকারী হুয়াংয়ের নয় বছর বয়সে তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলে আসে।

তিনি ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলী হিসেবে স্নাতক এবং পরবর্তীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এনভিডিয়া সহ-প্রতিষ্ঠা করার আগে হুয়াং মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডিতে কাজ করতেন। তাইওয়ানে ‘ড্যাডি হুয়াং’ নামে পরিচিত এবং একসময় ‘প্রযুক্তি জগতের টেইলর সুইফট’ হিসেবে প্রশংসিত, তিনি একজন কর্মঠ ও নিখুঁতবাদী হিসেবে পরিচিত এবং তার কর্মীদের জন্য তার মানদণ্ড অত্যন্ত উঁচু।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তার আনুমানিক সম্পদের পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার বা ১১৫ বিলিয়ন পাউন্ড।

হুয়াং-এর জীবনী ‘থিংকিং মেশিন’-এর লেখক স্টিফেন উইট বিবিসিকে বলেন, “জেনসেন হুয়াং হলেন স্টিভ জবসের মতো একজন প্রযুক্তি দূরদর্শী।” তিনি আরও যোগ করেন যে, বর্তমানে আমরা যে ধরনের এআই হার্ডওয়্যার দেখি, তা তৈরির পেছনে তারই অবদান রয়েছে।

ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সুবিদিত। সম্প্রতি হোয়াইট হাউসে অনুষ্ঠিত এআই সম্মেলনে, যেখানে ৪২ জন প্রযুক্তি নির্বাহী উপস্থিত ছিলেন, প্রেসিডেন্টের পাশে ছিলেন ইলন মাস্ক ও হুয়াং।

ট্রাম্প বলেছেন, তদন্তের খবর প্রকাশ্যে আসার পর থেকে তিনি এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেননি।

“আমি শুধু এটুকু জানি যে তিনি একজন ভালো মানুষ, কিন্তু ভেতরে কী চলছে তা তো বলা যায় না,”।

“তিনি আমাদের দেশের জন্য অসাধারণ কাজ করেছেন”, যোগ করেন ট্রাম্প।

একটি বিশাল এলইডি ডিসপ্লেতে জেনসেন হুয়াং-এর একটি অবতার দেখা যাচ্ছে, যিনি একটি ট্রেন্ডি লেদার জ্যাকেট ও চশমা পরা একজন ধূসর চুলের মানুষ। লোকজন ডিসপ্লেটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।

এনভিডিয়া কী এবং এটি কতটা গুরুত্বপূর্ণ?

১৯৯৩ সালে হুয়াং এবং তার সহকর্মী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস মালাচোভস্কি ও কার্টিস প্রিয়েম মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটি মূলত গ্রাফিক্স প্রসেসিং চিপ, বিশেষত কম্পিউটার গেমের জন্য, তৈরির জন্য পরিচিত ছিল।

একপর্যায়ে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দিকে মনোযোগ দেয়। বর্তমানে এই খাতে এনভিডিয়ার আধিপত্য রয়েছে।

একাধিকবার প্রতিষ্ঠানটিকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করেছেন জেনসেন হুয়াং। বিশ্বের অন্যরা এআই নিয়ে কাজ শুরু করার অনেক আগেই তিনি এ খাতে ঝুঁকি নিয়েছিলেন। কার্যত শুরু থেকেই এআই প্রযুক্তির প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ভূমিকা রাখেন তিনি।

জেনসেন হুয়াংয়ের জীবনীগ্রন্থ থিংকিং মেশিন-এর লেখক স্টিফেন উইট বিবিসিকে বলেন, “আজ আমরা এআইয়ের কথা ভাবলে বিশাল বিশাল ডেটা সেন্টারের কথা মনে করি। কিন্তু তখন এসবের কিছুই ছিল না। তিনি যে প্রযুক্তি তৈরি করছিলেন, তার কোনো ক্রেতাও ছিল না। প্রকৃতপক্ষে, সে সময় তাঁর প্রথম গ্রাহক ছিল ওপেনএআই। তখন প্রতিষ্ঠানটিতে মাত্র ৩০ জন কর্মী ছিলেন। তিনি আসলে তাদের কাছে প্রযুক্তিটি দিয়েছিলেন, বিনা মূল্যে দান করেছিলেন।”

অ্যামাজন, মেটা, গুগল ও মাইক্রোসফটের মতো এআই প্রযুক্তি ও অবকাঠামো তৈরিতে কাজ করা বিশ্বের প্রায় সব উল্লেখযোগ্য প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন এনভিডিয়ার চিপ ব্যবহার করে।

বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার (৩ দশমিক ৪ ট্রিলিয়ন পাউন্ড)। এটি ইতিহাসের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠান।

আপাতত, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ হুয়াংকে অপসারণ করার ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না বলেই মনে হচ্ছে। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, “জেনসেন এবং তার নেতৃত্বাধীন দলের ওপর তাদের আস্থা রয়েছে”।

বিবিসিকে কয়েকটি সূত্র জানিয়েছে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা কম। কারণ, এর সঙ্গে বিপুল পরিমাণ অর্থের বিষয় জড়িত।

৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি নির্ধারণে কোনো প্রকাশ্য পরিকল্পনা নেই। তিনি প্রায়ই বলেছেন, আরও কয়েক দশক এই দায়িত্বে থাকার আশা করেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত প্রতিষ্ঠানের মতো আনুষ্ঠানিক কাঠামোর পরিবর্তে তিনি নিজের চারপাশে একটি অনানুষ্ঠানিক নেতৃত্বের কাঠামো গড়ে তুলেছেন।

তার সন্তান স্পেন্সার ও ম্যাডিসন এবং জামাতা নিকো ক্যাপ্রেজ এনভিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।

২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ইস্ট রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, তার স্ত্রী লরি হুয়াং এবং অ্যাপলের বোর্ড চেয়ারম্যান টিম কুক অংশগ্রহণ করেন।

জেনসেন হুয়াংয়ের স্ত্রী কে?

১৯৮০-এর দশকের গোড়ার দিকে ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় হুয়াং তার হবু স্ত্রী লরি মিলসের সাথে পরিচিত হন। দুজন একই ল্যাবে সহকর্মী হিসেবে কাজ করতেন।

১৯৮৫ সালে তারা বিয়ে করেন। এর প্রায় আট বছর পর তিনি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হন। তাদের দুই সন্তান – ম্যাডিসন ও স্পেন্সার।

২০০৭ সালে এই দম্পতি জেন-হুন ও লরি হুয়াং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এনভিডিয়ার শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে সাম্প্রতিক বছরগুলোতে এই দাতব্য তহবিলের সম্পদের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর বর্তমান মূল্য নয় বিলিয়ন ডলারেরও বেশি বলে অনুমান করা হয়।

এ ফাউন্ডেশন থেকে ওরেগন স্টেট ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকৌশল শিক্ষার বিভিন্ন কর্মসূচিতে কয়েক কোটি ডলার অনুদান দেওয়া হয়েছে।

স্টিফেন উইট বিবিসিকে বলেন, জেনসেন হুয়াং নিজেকে একজন পারিবারিক মানুষ হিসেবে তুলে ধরতে অনেক চেষ্টা করেছেন।

তিনি বলেন, “এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

উইট আরও বলেন, “তিনি তার স্ত্রীর প্রশংসা করেন এবং সবসময় তার সম্পর্কে অত্যন্ত ইতিবাচক কথা বলেন। এ ঘটনার প্রভাব যেকোনো পরিবারের জন্যই খারাপ হতো।

কিন্তু যিনি নিজেকে একজন পারিবারিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে এত চেষ্টা করেছেন এবং সন্তানদের সব সময় নিজের কাছাকাছি রেখেছেন, তার জন্য এর পরিণতি খুবই খারাপ হবে।”

লন্ডন থেকে টম ম্যাকআর্থার, সিঙ্গাপুর থেকে আয়েশা পেরেরা ও টেসা ওং এবং সিডনি থেকে হেলেন ডেভিডসনের অতিরিক্ত প্রতিবেদন।