Source : BBC NEWS
ছবির উৎস, Getty Images
ওমর আরতান হতে পারতেন বিশ্বকাপে দায়িত্ব পালনকারী প্রথম সোমালীয় রেফারি। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে ম্যাচ পরিচালনাকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
২০২৫ সালে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ)-এর বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হয়েছিলেন আরতান। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়ার পর বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আরতানকে ফেরত পাঠানোর কোনো কারণ জানায়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশ কয়েকটি দেশের মধ্যে সোমালিয়া অন্যতম।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সাথে কথা বলার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, আরতান এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
এক বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা নিশ্চিত করছে যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ অফিশিয়াল ওমর আবদুলকাদির আরতান ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রশিক্ষণ গ্রহণ ও ম্যাচ পরিচালনা করতে পারবেন না।”
“আয়োজক দেশের অভিবাসন প্রক্রিয়া এবং ভিসা অনুমোদনের বিষয়ে ফিফা জড়িত নয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে বর্তমানে মিস্টার আরতানের অবস্থার কোনো পরিবর্তন হবে না।”
“ফিফার আগের ইভেন্টগুলোর মতোই, আয়োজক দেশের সরকারই চূড়ান্তভাবে নির্ধারণ করে কে ভিসা পাবে এবং কাকে তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা বিবিসিকে প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরতান বৈধ নথিপত্র নিয়েই ভ্রমণ করছিলেন।
নাইরোবিতে সোমালিয়ার দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এর আগে ভিসা সংক্রান্ত জটিলতার পর আরতানের ভ্রমণ সহজ করার জন্যই তাকে বিশেষ কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয়েছিল।
সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) জরুরি ব্যাখ্যার দাবিতে ফিফার সাথে যোগাযোগ করেছে।
বিশ্বকাপ বিষয়ক হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, “আমি এ বিষয়ে নেতিবাচক তথ্যের গভীরে যেতে পারছি না। তবে আমি আপনাদের বলতে পারি যে কাস্টমস এবং বর্ডার প্যাট্রোলের এই সিদ্ধান্তটি সঠিক ছিল এবং আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি।”
কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ফিফা ৫২ জন রেফারির নাম ঘোষণা করেছিল। আরতান তাদের মধ্যে অন্যতম ছিলেন।
সোমালিয়ার জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের একজন অফিশিয়াল আরতান ২০১৮ সালে ফিফা রেফারি হন। তিনি আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন)-এও ম্যাচ পরিচালনা করেছেন।







