Source : BBC NEWS
ছবির উৎস, SCREEN GRAB
স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স
বাতিলের করে “কোনো ভুল কাজ করা হয়নি”।
তিনি বলেছেন,
“অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু
ঘটবে আর তাদের কোনো শাস্তি হবে না, তা হতে পারে না। প্রথমে আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি
মনে করি না কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি”।
মঙ্গলবার ঢাকার হলি
ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা
বলেন তিনি।
এই অনুষ্ঠানে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঈদের মধ্যে বাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে সেখানে যেতে
পারিনি। তবে পরে সেখানে গিয়ে দেখি, ওই রুমে কোনো জানালা নেই, একটি মাত্র দরজা ঢোকার জন্য। ছয়জন নবজাতকের সঙ্গে একটি ছোট
রুমে ২৫ জনকে রাখা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আর
বাচ্চারা মারা গেছে।”
হাসপাতালের
‘অবহেলায়’ বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে ওই সময় কোনো ডাক্তার, নার্স ছিল না। যারা ছিল তারাও বাচ্চাদের মায়েদের কথার
গুরুত্ব দেয়নি।
তিনি বলেন,
“ছয়টা বাচ্চাকে কেয়ারলেসভাবে
মেরে ফেলবে, আর
শান্তিতে ঘুমাবে অথরিটিকে আঙ্গুল দেখিয়ে, এটা হতে পারে না। দেশটাকে তো কিছু পরিবর্তন আনতে হবে।
আমাদের ভেতরেও”।
এর আগে গত ২৭শে মে
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা
যায়।
এ ঘটনায় স্বাস্থ্য
মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’
প্রমাণ পাওয়ার কথা বলা হয়। পরে হাসপাতালটির লাইসেন্সও বাতিল করা হয়।







