Home LATEST NEWS BANGLA ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক

3
0

Source : BBC NEWS

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার গলফ কোর্সে ট্রাম্পের হোয়াইট হাউসের হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে

ছবির উৎস, Getty Images

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেস এলাকার মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে ঘোরাফেরা করতে দেখা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সেখানে একটি তহবিল সংগ্রহের জন্য নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল।

র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের দাবি, ওই ব্যক্তিকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘুরছিল, ছবি ও ভিডিও ধারণ করছিল এবং নিরাপত্তা–পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছিল।

রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ক্যালিফোর্নিয়া সফরে রয়েছেন। মঙ্গলবার ওই গলফ কোর্সে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহের নৈশভোজে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

জন টায়েলের বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে।

শেরিফ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ছদ্মবেশী ফেডারেল এজেন্টরা সন্দেহজনক ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, কাছাকাছি শহর এল সেগুন্ডোতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায়ও তাকে খুঁজছিল এল সেগুন্ডো পুলিশ বিভাগ। শহরটি র‍্যাঞ্চো পালোস ভার্দেস থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

তল্লাশির সময় তার কাছে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন পাওয়া যায়। গলফ কোর্সে পার্ক করা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল এবং হলো-পয়েন্ট গুলিভর্তি একটি লোডেড ম্যাগাজিন উদ্ধার করা হয়।

হলো-পয়েন্ট গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে সর্বোচ্চ ক্ষতি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কঠোর বন্দুক আইন থাকা ক্যালিফোর্নিয়াতে ১০টির বেশি গুলি ধারণ করতে পারে এমন ম্যাগাজিন নিষিদ্ধ করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস এলাকারই আরেকটি শহর ডাউনিতে অবস্থিত সন্দেহভাজনের বাড়িতে সোমবার এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মেজর ক্রাইমস ব্যুরোর এজেন্টরা অভিযান চালায়।

শেরিফ বিভাগ জানিয়েছে, “ঘটনাটিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে” তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

তল্লাশির সময় বাড়ি থেকে অবৈধভাবে পরিবর্তিত একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার একাধিক ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা একাধিক নোটবুক উদ্ধার করা হয়েছে।

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ একজন সন্দেহভাজন আটক করা হয়েছে

ছবির উৎস, Getty Images

মার্কিন সিক্রেট সার্ভিসের সহায়তায় ঘটনাটির তদন্ত চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

শেরিফের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তারা আমাদের সম্প্রদায়গুলোর জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেননি।

তবে তারা বলেছে, “এই ঘটনা সতর্ক থাকার গুরুত্ব, স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দৃঢ় সমন্বয় এবং সন্দেহজনক কার্যকলাপ বড় ধরনের হুমকিতে রূপ নেওয়ার আগেই তা শনাক্ত ও তদন্তে সক্রিয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের সময়ই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তিনি তার মালিকানাধীন গলফ কোর্সে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ওই সফরে ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কড়া সমালোচনা করে বক্তব্য দেওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউসম প্রার্থী হতে পারেন।

বুধবার ট্রাম্প একটি ক্যাসিনোতে ভাষণ দিতে লাস ভেগাসে যাচ্ছেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা জোরদার হওয়ার মধ্যেই ট্রাম্পের এই সফর হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প তিনটি গুপ্তহত্যা প্রচেষ্টার থেকে বেঁচে গেছেন। সর্বশেষ ঘটনায়, হোয়াইট হাউসের একটি নৈশভোজ চলাকালে ওয়াশিংটনের একটি হোটেলে এক বন্দুকধারী ঢুকে পড়ার পর ট্রাম্পের নিরাপত্তা দল জানিয়েছিল, প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার বিদ্যমান প্রোটোকল পর্যালোচনা করা হবে।

তবে র‍্যাঞ্চো পালোস ভার্দেসে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ধরনের অভিযোগে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ফৌজদারি মামলা বা অভিযোগও আনা হয়নি।