Source : BBC NEWS
Getty Images
ফ্লোরিডায় প্রায়
এক ঘণ্টা আগে ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সাম্প্রতিক
নির্বাচনগুলোয় রক্ষণশীলদের দিকে ঝুঁকে থাকা এই রাজ্যটি, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ
লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে।
রাজ্যের ৮০ শতাংশ
ভোট গণনা শেষ হওয়ার পর- ডেভিড জলি এবং
রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডসের মধ্যে নির্বাচনকে হাড্ডাহাড্ডি লড়াই
হিসেবে রেটিং দিচ্ছে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস।
এছাড়াও ইঙ্গিত
পাওয়া যাচ্ছে যে, প্রতিনিধি পরিষদ পর্যায়ে ফ্লোরিডার অতীতের নির্বাচনের চেয়ে ভালো করছে
ডেমোক্র্যাটরা, যদিও
গত বছর রাজ্যের রিপাবলিকানরা তাদের প্রার্থীদের জন্য মানচিত্রকে আরও অনুকূল করতে
কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের সীমানা পুনরায় নির্ধারণ করেছিল।
উদাহরণস্বরূপ, আনুমানিক ৯৫ শতাংশ ভোট গণনার পর নিজের প্রতিদ্বন্দ্বীর
চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান কংগ্রেসওম্যান মেরি সালাজার।
অথচ ২০২৪ সালে, তিনি তার মায়ামির এই এলাকায়, যেখানে বিপুল সংখ্যক হিস্পানিক জনগোষ্ঠী রয়েছে, ১৫
পয়েন্টেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন।
চলতি বছরের শুরুতে,
তিনি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে একটি
টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করেছিলেন – যা তার ডিসট্রিক্টের ভোটারদের পরিবর্তিত মনোভাবের
একটি লক্ষণ।
অঙ্গরাজ্যটিতে আরও
কিছু হাউস আসন রয়েছে যেগুলো জেতার ব্যাপারে ডেমোক্র্যাটরা সাম্প্রতিক দিনগুলোতে
বেশি আশাবাদী ছিল।
তারা ইতোমধ্যেই
প্রতিনিধি ক্যাথি কাস্টর এবং জ্যারেড মোসকোভিটজের জন্য দুটি আসন ধরে রেখেছেন, যেগুলো রিপাবলিকানদের লক্ষ্যবস্তু ছিল।
যদি সালাজারও কঠিন
লড়াইয়ের মধ্যে থাকেন, তাহলে
এই রাজ্যে ডেমোক্র্যাটদের জন্য তা সার্বিকভাবেই একটি উৎসাহব্যঞ্জক খবর।




