Home LATEST NEWS BANGLA যুক্তরাষ্ট্রে ‘মাদকের ঢল নামানো’ মেক্সিকোর ‘মাদক সম্রাট’ যেভাবে আটক হলো

যুক্তরাষ্ট্রে ‘মাদকের ঢল নামানো’ মেক্সিকোর ‘মাদক সম্রাট’ যেভাবে আটক হলো

6
0

Source : BBC NEWS

ফাউস্তো ইসিদ্রো 'চাপো ইসিদ্রো' মেসা ফ্লোরেস

পড়ার সময়: ৪ মিনিট

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের পর আটক হয়েছে এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড এর মধ্যে থাকা এক ‘ড্রাগ লর্ড বা মাদকসম্রাট’।

মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেস ও আরও সাতজনকে শুক্রবার সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহর থেকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর বিশেষ বাহিনী।

এই অভিযানে সাত সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ছাড়া গুয়াসাভেতে নিরাপত্তা জোরদার করতে যাওয়ার পথে মেক্সিকোর সেনাবাহিনীর চার সদস্যও নিহত হন বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়।

মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের অভিযোগ, তিনি ‘যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদকের ঢল নামিয়েছেন’। তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের চেষ্টা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে মেক্সিকো তাদের প্রচেষ্টা জোরদার করেছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপও রয়েছে।

মেসা ফ্লোরেস মেসা ফ্লোরেস অর্গানাইজেশনের নেতা। সংগঠনটি গুয়াসাভে কার্টেল নামেও পরিচিত। ধারণা করা হয়, ১৯৯০-এর দশক থেকেই তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত।

তবে এত দিন তুলনামূলকভাবে আড়ালে থেকে তিনি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে চলতে সক্ষম হয়েছিলেন।

মেসা ফ্লোরেসকে আটকের পর সিনালোয়ার কাছে হাইওয়েতে কয়েকটি যানবাহনে আগুন দেখা যায়

মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মেসা ফ্লোরেসের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ব্যবহার করে বিশেষ বাহিনী তার অবস্থানে অভিযান চালায়।

‘গোপনীয়তা ও আকস্মিকতার’ কৌশল কাজে লাগিয়ে তারা এলাকাটি ঘিরে ফেলে, যাতে মেসা ফ্লোরেস পালাতে না পারেন এবং তার অতিরিক্ত বাহিনী সেখানে পৌঁছাতে না পারে।

তবে বাড়িতে প্রবেশের আগে নিরাপত্তা বাহিনী ‘গুলিবর্ষণ ও বিস্ফোরকের হামলার মুখে পড়ে’। এরপর তারা মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুয়াসাভেতে হেলিকপ্টার থেকে মাটির দিকে একটানা গুলি ছোড়া হচ্ছে। অন্য কিছু ভিডিওতে গুলির শব্দ শুনে একটি বেসবল স্টেডিয়ামে থাকা লোকজনকে পালিয়ে যেতে দেখা যায়।

প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মেসা ফ্লোরেসের ডানহাত হিসেবে পরিচিত তার এক চাচাতো ভাই এবং সংগঠনটির অর্থনৈতিক কার্যক্রমের দায়িত্বে থাকা তার এক ভগ্নিপতিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেসা ফ্লোরেস, তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে বিচারের মুখোমুখি করতে বিমানে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়। অন্য পাঁচজনকে সিনালোয়া রাজ্যেই রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে গ্রেনেড লঞ্চারসহ বেশ কয়েকটি অস্ত্র, মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের মেক্সিকোর ভূখণ্ডে হস্তক্ষেপ ঠেকানোর লক্ষ্যে দেশটির কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন

মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারের পর হারমোসিলো শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল জানিয়েছে, তারা ‘আহোমে, গুয়ামুচিল, গুয়াসাভে ও নাভোলাতোতে রাতভর চলা নিরাপত্তা অভিযান, সশস্ত্র সংঘর্ষ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পর্যবেক্ষণ করছে’।

এলাকায় সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে কনস্যুলেট।

একই সঙ্গে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালে মেসা ফ্লোরেসকে এফবিআইয়ের সর্বাধিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করার সময় তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনসহ ‘জঘন্য অপরাধের’ অভিযোগ আনা হয়েছিল।

তৎকালীন ভারপ্রাপ্ত এফবিআই পরিচালক ব্রায়ান ড্রিসকল বলেছিলেন, মেসা ফ্লোরেস ও তার সংগঠন মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে দেশটিতে ‘অবৈধ মাদকের ভয়াবহ অভিশাপ’ ছড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে ২০১২ সালে তার বিরুদ্ধে প্রথম মাদক পাচারের অভিযোগ আনা হয়। পরে ২০১৯ সালে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়।

চুয়াল্লিশ বছর বয়সী মেসা ফ্লোরেসের বিরুদ্ধে ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা উৎপাদন এবং বিতরণের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ড্রাগ লর্ডকে আটকের পর মেক্সিকোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে

মেসা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা অর্গানাইজেশনের উচ্চপদস্থ সদস্য ছিলেন। তবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্তির কারণে সহিংসতা বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের মধ্যে তিনি নিজের কার্টেল গড়ে তোলেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষায়, তার সংগঠন একই অঞ্চলে সক্রিয় মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর অন্যতম শক্তিশালী সিনালোয়া কার্টেলের সঙ্গে ‘সহিংস আধিপত্যের লড়াইয়ে’ জড়িয়েছে।

মেক্সিকোর কর্তৃপক্ষ ২০২৪ সালে দুই কোটি ফেন্টানিল বড়ি জব্দ করার পর সেগুলোর সঙ্গে মেসা ফ্লোরেসের কার্টেলের সংশ্লিষ্টতার খবর প্রকাশিত হয়।

এরপর তাকে এফবিআইয়ের সর্বাধিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের মেক্সিকোর ভূখণ্ডে হস্তক্ষেপ ঠেকানোর লক্ষ্যে দেশটির কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতাকে স্বাগত জানালেও দেশটির ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করেছে।

ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ করার কথা বলেছিলেন।