Home LATEST NEWS BANGLA ‘আমাকে পোড়াবে, পেটের সন্তান পোড়াবে- এটি কি মেনে নেওয়া যায়’

‘আমাকে পোড়াবে, পেটের সন্তান পোড়াবে- এটি কি মেনে নেওয়া যায়’

7
0

Source : BBC NEWS

আটপাড়া উপজেলার একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তাকে মারধর ও হেনস্তার অভিযোগ তুলেছেন

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষক তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগ করার পর উপজেলা বিএনপির স্থানীয় দুই নেতাকে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করেছে।

“একটা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটেছে। তাদের জবাব পাওয়ার পর আমরা সেটি দেখে পরবর্তী পদক্ষেপ নিবো। অভিযোগ যেহেতু এসেছে তাতো এমনিই আসেনি। দেখি আগে শোকজের জবাবে তারা কী বলেন,” বিবিসি বাংলাকে বলেছেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, অভিযোগটি পাওয়ার পর তারাও ঘটনাটি তদন্ত করে দেখছেন।

ওই শিক্ষক যে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের একজন স্থানীয় একটি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

“ওই নারী শিক্ষক আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করছিল সেজন্য আমরা গিয়েছিলাম। কিন্তু মারধর বা হামলার অভিযোগ সত্যি না,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছিলেন

শিক্ষক যা বলছেন

আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা দেব বিবিসি বাংলাকে জানিয়েছেন, সোমবার আনোয়ার হোসেন লোক মারফত তাকে স্কুলের বিষয়ে কথা বলার জন্য স্কুলের পাশের একটি জায়গায় ডেকে পাঠালে তিনি যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

“যাকে পাঠিয়েছেন তাকে আমি বলেছি আমি স্কুলের প্রধান শিক্ষক। আমি কেন স্কুলের বিষয়ে কথা বলতে অন্য জায়গায় যাবো। তাছাড়া এখন ক্লাশ চলমান। আমি কেন স্কুল ছেড়ে অন্য জায়গায় যাবো। তখন যিনি ডাকতে আসেন তিনি বলেন আপনাকে যেতে হবে। আমি বলেছি যে আমার কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোথাও যাবো না,” ঘটনার বিবরণ দিয়ে বলছিলেন তিনি।

“এরপর যাকে তারা পাঠিয়েছিল তারা চলে যায়। এর ১০/১৫ মিনিট পর আনোয়ার হোসেন সদলবলে আসে। আমাকে চার্জ করে। তারা আমাকে অ্যাসল্ট করে। এরপর যা হয়েছে তার সবই আপনারা এখন জানেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমাকে পোড়াবে, আমার সন্তান পোড়াবে, পেটের সন্তান পোড়াবে- এটি কি মেনে নেওয়া যায় বলেন তো,” বলছিলেন মিজ দেব।

তিনি বলেন, “আমি অন্তঃসত্ত্বা বলার পরেও তারা আমারে রেহাই দেয়নি। পরে অন্য শিক্ষক ও উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করেছে। আমার বাড়িঘর পুড়িয়ে দিয়ে এলাকা ছাড়া করবেন বলে হুমকি দিয়েছেন। আমি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। নিশ্চয়ই তারা যথাযথ পদক্ষেপ নিবেন”।

শোকজ করেছে উপজেলা বিএনপি

নিবেদিতা দেব জানান, স্থানীয় সংসদ সদস্য লোক পাঠিয়ে খবর নিয়েছেন ও প্রাথমিক শিক্ষা বিভাগের ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক তার সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

ওদিকে স্থানীয়দের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, স্কুলটির ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। স্কুল কমিটির সভাপতি নির্বাচন সামনে হওয়ার কথা রয়েছে।

স্কুলটিরই একজন সাবেক শিক্ষক ওই কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করছেন। স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনের ঘনিষ্ঠ তিনি। মি. হোসেন সে কারণেই প্রধান শিক্ষকের ওপরে চাপ তৈরি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

যদিও নিবেদিতা দেব বলেছেন, এটিসহ কোনো বিষয়েই হামলাকারীদের কারও সাথে তার আগে কোনো কথাই হয়নি।

“আমি ১৩ বছর ধরে শিক্ষকতা করছি। এর মধ্যে গত প্রায় ছয় বছর এখানে কাজ করছি। তাদের সাথে আমার কখনো কোনো মতবিরোধও হয়নি। তারপরেও তারা এমনটি কেন করলো আমি জানি না। আপনারা দোয়া করবেন আমার বাচ্চাটা যেন ভালো থাকে। আমি কখনো অন্যায় কিছু করিনি, সঠিক ভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করি। আমি সবার দোয়া চাই,” বলছিলেন তিনি।

তিনি জানান, ঘটনার পর তিনি সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। “কর্তৃপক্ষ সবাই বিষয়টি আন্তরিকতা নিয়ে দেখছেন,” বলেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর বলেছেন, অভিযোগটি পাওয়ার পর তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

“তদন্ত যেহেতু চলছে সে কারণে এ বিষয়ে আর কোনো মন্তব্য আমি করতে চাইছি না,” বলছিলেন তিনি।

অভিযুক্তকে শোকজ বিএনপির

এদিকে এ ঘটনায় দলের দুই নেতার নাম প্রকাশের পর স্থানীয় বিএনপি ওই দুজনকে শোকজ করেছে বলে জানিয়েছে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী।

“নিশ্চয়ই কিছু ঘটেছে সেখানে। এমপি সাহেবের নির্দেশনায় আমরা শোকজ করেছি। আগে দেখি কী ঘটেছে। অভিযোগ সত্যি হলে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার অবশ্যই তাই নেওয়া হবে,” তিনি বলেন।

উপজেলা বিএনপির দিক থেকে যে দুজনকে শোকজ করা হয়েছে তারা হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও দলের স্থানীয় আরেকজন নেতা নুরুজ্জামান খান পুতুল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বিবিসি বাংলাকে বলেন, “মহিলা শিক্ষক আওয়ামী লীগের লোকজন নিয়া মিটিং করছিল। সে কারণে আমরা ২০/৩০ জন বাজার থেকে গেছি। এক জায়গায় বসেছি। পরে ওয়ার্ড সভাপতিকে পাঠাইছি যে উনাকে ডেকে আনতে। আসে নাই বলে আমরা গেছি কিন্তু কোনো হামলা মারধরের ঘটনা ঘটেনি”।

একটি স্কুলের প্রধান শিক্ষককে ডাকার এখতিয়ার আপনার ছিল কি-না কিংবা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে তারা এ বিষয়ে কোনো অভিযোগ করেছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান শিক্ষক হয়ে তিনি আওয়ামী লীগের লোকজন নিয়ে মিটিং করছিলেন। আমরা আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং যেন না করেন সেটা তাকে বলতে চেয়েছিলাম”।

“কিন্তু পরে স্কুলে যাওয়ার পর উনি যেভাবে কথা বলেছেন তাতে আমাদের সাথে যারা ছিলেন তারা ক্ষুব্ধ হয়েছে। কিন্তু আমরা পরিস্থিতি ট্যাকেল করেছি। অন্য কিছু আর হয়নি,” বলেছিলেন তিনি।

মি. হোসেন দাবি করেন, তারা প্রধান শিক্ষকের কক্ষের বাইরে থেকে কথা বলেছেন। “আমরা শুধু বলেছি আপনি আওয়ামী লীগ নিয়ে মিটিং করেন, আপনি চলে যান। এর বাইরে কিছু হয় নাই”।

শিক্ষিকা নিবেদিতা দেবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি প্রধান শিক্ষক হিসেবে গত মার্চে দায়িত্ব নিয়েছি। সবসময় সততার সাথে কাজ করি। মনগড়া একটা কিছু বলে দিলেই তো হবে না। আর আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা সেটি আমার কর্তৃপক্ষকে জানাতে পারতো। তা না করে হামলা করেছে”।