Source : BBC NEWS
ছবির উৎস, BBC/TANVEE
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও আরো দুইজনকে হত্যার ঘটনায় করা
মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন
পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া অন্য দুই আসামির
একজনের যাবজ্জীবন এবং আরেকজনের ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দুইজনই পুলিশ
সদস্য।
রোববার এ মামলার রায় ঘোষণা
করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুইজন
হলেন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক
ওসি মশিউর রহমান।
একই থানার সাবেক এসআই
তারিকুল ইসলাম ভূঁইয়ার যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল
চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে শুধুমাত্র
চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন। বাকিরা পলাতক।
রায় ঘোষণার সময় তাকে
আদালতে হাজির করা হয়। রায়ের পরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।
এই মামলায় আসামিদের
বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে, ২০২৪ সালের আন্দোলনের সময় সাবেক
প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় এবং তৎকালীন ডিএমপি
কমিশনার হাবিবুর রহমানের আদেশে আসামিরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে গিয়ে আন্দোলনকারীদের
ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা চালায়।
চব্বিশের ১৯শে জুলাই দুপুর
আড়াইটার দিকে বনশ্রী এইচ ব্লকে জামে মসজিদের সামনের গলিতে পুলিশ এলোপাতাড়ি গুলি
চালায়। সেসময় মো. নাদিম নামে এক ব্যক্তির গায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই মারা যান
তিনি।
আরেকটি অভিযোগে, কার্নিশে
ঝুলে থাকা ১৮ বছরের তরুণ আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি ও গুরুতর জখম করার
ঘটনার কথা বলা হয়েছে।




