Source : BBC NEWS

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক
শ্রমিকরা।
পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মহাসড়কে অবস্থান নিতে
দেখা গেছে। সড়কের অন্যপাশে পোশাক শ্রমিকদের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ
কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পরে বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারি দল বিএনপি সমর্থিত ছাত্রদল,
যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের ট্রাক-বাসগুলো পার করে দিতে দেখা গেছে।
গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় রোববার যে গাড়িটি পোড়ানো
হয়েছে, সেটি দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে সেটি সরিয়ে নেয় আইনশৃঙ্খলা
বাহিনী।
গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময়
পুলিশের গাড়ি ভাঙচুর করার খবরও পাওয়া গেছে।
তবে, শুধু গাজীপুরেই নয় ঢাকার মিরপুর ও আশুলিয়াতেও ৩০ হাজার
টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আশুলিয়ায় সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ
করেছেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তবে বেলা সাড়ে এগারোটায় সেখানকার সড়কে যান চলাচল শুরু হয়
বলে জানা গেছে।
ঢাকার মিরপুর-১০ নাম্বার থেকে মিরপুর-১২ নাম্বার পর্যন্ত যে
প্রধান সড়ক, সেখানে যান চলাচল স্বাভাবিক থাকলেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি
রয়েছে।
মিরপুর-১০ থেকে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কাফরুল থানা
পুলিশ আরো পাঁচজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, সকালে মিরপুর-১১ নাম্বারে কয়েক দফায় পুলিশের সঙ্গে পোশাক
শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় পুলিশের পাশাপাশি সড়কে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের
নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখেছে বিবিসির প্রতিবেদক।






