Home LATEST NEWS BANGLA ঘুমের মধ্যে মানুষ কেন দাঁত কিড়মিড় করে? কাদের হয় আর চিকিৎসা কী?

ঘুমের মধ্যে মানুষ কেন দাঁত কিড়মিড় করে? কাদের হয় আর চিকিৎসা কী?

4
0

Source : BBC NEWS

ঘুম ভাঙার পর বা সকালে ঘুম থেকে উঠলে চোয়ালে ব্যথা হওয়া, ব্রুক্সিজম বা দাঁত কিড়মিড় করার প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

এলা ঠিক মনে করতে পারেন না, তিনি কখন থেকে রাতে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষা শুরু করেছিলেন। তবে সকালে চোয়ালে অসহ্য ব্যথা এবং ঘন ঘন মাথাব্যথার কথা তার স্পষ্ট মনে আছে।

এলা বলেন, “আমি খুব ব্যথায় ভুগছিলাম। আমার মুখের গঠন বদলে যাচ্ছিল এবং দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তখনই বুঝলাম, এ নিয়ে কিছু একটা করতেই হবে।”

৩১ বছর বয়সী এলা ব্রুক্সিজমে ভুগছেন।

এটি এমন এক শারীরিক অবস্থা, যার ফলে নিয়মিত এবং অনেক সময় তীব্রভাবে দাঁতে দাঁত ঘষা বা চেপে ধরার সমস্যা দেখা দেয়।

এলার দাবি, সম্প্রতি যে চিকিৎসা তিনি করিয়েছেন, তা নিঃসন্দেহে তার জীবন বদলে দিয়েছে।

যুক্তরাজ্যজুড়ে এলার মতো লক্ষ লক্ষ নারী ব্রুক্সিজমে আক্রান্ত।

কিছু গবেষণায় দেখা গেছে, প্রায় প্রতি চার জনের একজন এ সমস্যায় ভুগতে পারেন।

একটি যৌথ ছবিতে দেখা যাচ্ছে, দাঁত কিড়মিড় করার কারণে এলার চোয়াল কীভাবে প্রশস্ত হয়ে গিয়েছিল এবং চিকিৎসার পর তার চেহারায় কী পরিবর্তন এসেছে

ছবির উৎস, Ella

মানুষ কেন দাঁত কিড়মিড় করে?

গবেষণা বলছে, অনেক মানুষ মানসিক চাপের কারণে দাঁতে দাঁত ঘষেন বা চোয়াল শক্ত করে রাখেন।

কিন্তু দৈনন্দিন জীবনের চাপের ভার কেন আমাদের চোয়ালের ওপর এসে পড়ে? এ নিয়ে আমরা কী করতে পারি? আর কিছু ক্ষেত্রে এটি কি সত্যিই উপকারীও হতে পারে?

দাঁত কিড়মিড় করার বৈজ্ঞানিক নাম ব্রুক্সিজম। এ শব্দের মাধ্যমে মূলত চোয়ালের চার ধরনের নড়াচড়াকে বোঝানো হয়:

  • দাঁত শক্ত করে চেপে ধরা
  • দাঁত ঘষা
  • চোয়াল জোরে আটকে রাখা
  • চোয়াল সামনে ঠেলে দেওয়া

কেউ কেউ রাতে দাঁত ঘষেন, আবার কেউ দিনের বেলাতেও করেন। অনেকেই বুঝতেই পারেন না যে তারা এটি করছেন।

নিচের লক্ষণগুলো দেখা দিলে বুঝতে পারবেন যে আপনি ব্রুক্সিজমে ভুগছেন

  • দাঁত ক্ষয়ে যাওয়া, ভেঙে যাওয়া বা চ্যাপ্টা হয়ে যাওয়া
  • সকালে ঘুম থেকে ওঠার পর মাথা বা মুখে ব্যথা
  • চোয়াল শক্ত বা অবশ লাগা
  • ঘুমে ব্যাঘাত এবং দিনের বেলা ক্লান্তি
  • দাঁতের সংবেদনশীলতা বেড়ে যাওয়া
  • কোনো সংক্রমণ ছাড়াই কানে বা কানের পাশের অংশে ব্যথা

ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপির মতে, এ সমস্যা সংক্রান্ত থেরাপির সময় দাঁত কিড়মিড় করার সমস্যার উল্লেখ এখন আগের তুলনায় বেশি শোনা যায়।

সংস্থাটির মতে, বর্তমানে মানুষ তাদের মানসিক স্বাস্থ্যের প্রভাব শরীরের ওপর কীভাবে পড়ে, সে বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

মনোরোগ বিশেষজ্ঞ রাহি পোপাট বলেন, তার অনেক রোগী, বিশেষ করে তরুণরা, জানান যে তারা নিজেরা বা অন্য কেউ লক্ষ্য করেছেন যে তারা দাঁত কিড়মিড় করেন।

রাহি পোপাট বলেন, “তারা প্রায়ই এই প্রবণতাকে জীবনের কোনো অত্যন্ত চাপপূর্ণ সময়ের সঙ্গে যুক্ত করতে পারেন এবং অনুভব করেন যে ঠিক সেই সময় থেকেই তাদের দাঁত কিড়মিড় করার অভ্যাস হয় শুরু হয়েছে, বা আরও বেড়ে গেছে।”

একজন রুগীকে দাঁতের স্ক্যান দেখাচ্ছেন ডাক্তার - প্রতীকী ছবি

ছবির উৎস, Getty

কীভাবে দাঁত কিড়মিড় করা কমবে বা বন্ধ হবে

মনোরোগ বিশেষজ্ঞ রাহি পোপাটের ব্যাখ্যা অনুযায়ী, ট্রমা বা চাপ শরীরকে ‘লড়াই করো বা পালাও’ অবস্থায় নিয়ে যেতে পারে।

তখন হৃদস্পন্দন বেড়ে যায়, অ্যাড্রেনালিন নিঃসরণ হয় এবং পেশিগুলো টানটান হয়ে ওঠে।

চোয়াল ও স্নায়ুতন্ত্র ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ফলে পেশি সক্রিয় হয়ে দাঁত চেপে ধরা ও ঘষার প্রবণতা দেখা দিতে পারে।

তিনি বলেন, “যদি আমরা রাতভর এটা করি, তাহলে এটি সারাদিনের চাপ থেকে শরীরের মুক্তি পাওয়ার একটি উপায় হতে পারে।”

এলার ক্ষেত্রেও ঘুমের মধ্যে দাঁত ঘষা ছিল দিনের বেলায় জমে থাকা চাপ দূর করার একটি মাধ্যম।

তিনি বলেন, “আমি জানি এর সঙ্গে আমার মানসিক চাপের সরাসরি সম্পর্ক আছে। আমার ‘হাই-ফাংশনিং অ্যাংজাইটি’ রয়েছে। বাইরে থেকে দেখলে সেটা বোঝা যায় না।”

ব্রুক্সিজমের ক্ষতি কী হতে পারে?

এলা কয়েক বছর পরে চিকিৎসার সিদ্ধান্ত নেন।

তিনি নিজের অর্থ ব্যয় করে তার ডেন্টিস্টের থেকে চোয়াল নিয়ন্ত্রণকারী পেশিতে বোটক্স ইনজেকশন নেন। এতে পেশিগুলো শিথিল হয় এবং মুখের চাপ কমে যায়। এর প্রভাব সাধারণত তিন থেকে চার মাস স্থায়ী হয়।

এলা বলেন, “গত কয়েক মাসে আমি ভালোভাবে ঘুমাতে পেরেছি। সকালে অনেক বেশি শক্তি অনুভব করি, ব্যথা কমেছে, আর আমার মুখ আগের মতো এতটা চৌকো দেখায় না।”

ডেন্টিস্ট ড. সাইমন কোভের মতে, দাঁত ঘষার ফলে দাঁতের ওপর শারীরিক ক্ষতির প্রভাব অনেক বড় হতে পারে।

এলা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, তার লম্বা সোনালি চুল, তিনি সাদা ফুলের নকশা করা একটি টপ পরেছেন এবং রাতে বাইরে ঘুরতে বেরিয়েছেন

ছবির উৎস, Ella

তিনি রোগীদের দাঁত পরীক্ষা করতে থ্রিডি স্ক্যান ব্যবহার করেন এবং সময়ের সঙ্গে ক্ষয় কতটা হচ্ছে তা পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, “অনেক সময় মানুষ জানেও না যে তারা দাঁত ঘষছে, কিন্তু আমরা তখন ক্ষতির চিহ্ন দেখতে পাই।”

“দাঁত অতিরিক্ত ক্ষয়ে গেলে চিকিৎসা অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে এবং এতে হাজার হাজার পাউন্ড খরচ হতে পারে।”

তবে তিনি জানান, এমন গুরুতর পরিস্থিতি তুলনামূলকভাবে বিরল এবং তৈরি হতে বহু বছর লাগে।

দন্ত বিশেষজ্ঞ ডা. আদিতি দেশাইয়ের মতে, মাউথগার্ড ব্যবহার করে ব্রুক্সিজমের উপসর্গ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে দাঁত কিড়মিড় করার মূল কারণ খুঁজে বের করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “অনেক ক্ষেত্রেই কেন এ সমস্যা হচ্ছে, তা খতিয়ে না দেখেই দন্তচিকিৎসকেরা মাউথগার্ড ব্যবহারের পরামর্শ দেন।”

ডা. দেশাইয়ের মতে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)-র মতো গুরুতর অন্তর্নিহিত শারীরিক অবস্থার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

শ্বাসনালিতে বাধা সৃষ্টি হওয়ার কারণে ওএসএ হয়। ফলে রোগী শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সেই বাধা দূর করার চেষ্টা হিসেবে দাঁত কিড়মিড় করতে পারেন।

এ প্রসঙ্গে গবেষক অধ্যাপক ফ্র্যাঙ্ক লোবেজো বলেন, “ব্রুক্সিজম কীভাবে একজন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করতে পারে, এটি তার একটি খুব ভালো উদাহরণ।”

দাঁতের স্ক্যানে দাঁত কিড়মিড় করার কারণে ক্ষয় হওয়া অংশগুলো দেখা যাচ্ছে

ছবির উৎস, Simon Cove

তিনি ব্যাখ্যা করেন, ব্রুক্সিজমের কিছু নেতিবাচক দিক রয়েছে, যেমন দাঁতের ক্ষয়ক্ষতি, ঘুমে ব্যাঘাত এবং চোয়ালে ব্যথা। তবে এটি সব সময় ‘খারাপ’ বিষয় নয়।

লোবেজো বলেন, “লালা উৎপাদনের ক্ষেত্রেও দাঁত কিড়মিড় করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চোয়ালের পেশিগুলো নড়াচড়া করলে বড় লালাগ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে। এতে মুখ পরিষ্কার থাকে, দাঁত সুরক্ষিত থাকে এবং হজম প্রক্রিয়াও সহজ হয়।”

কিছু গবেষণায় আরও ইঙ্গিত পাওয়া যায় যে, চিবোনো জ্ঞানগত সক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।

তিনি বলেন, “প্রাণীদের ক্ষেত্রে আমরা এটি জানি। আর মানুষের ওপর আমাদের প্রাথমিক গবেষণাও একই ইঙ্গিত দিচ্ছে। চোয়ালের পেশিগুলো নড়াচড়া করানোর মাধ্যমে আমরা মস্তিষ্কে রক্তপ্রবাহ উদ্দীপিত করছি।”

তবে দাঁত কিড়মিড় করার কারণে দীর্ঘমেয়াদি ব্যথাও হতে পারে, যা একজন মানুষের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

দাঁত কিড়মিড় করার চিকিৎসা কী?

প্রস্থোডন্টিকস বিশেষজ্ঞ ডা. রিয়াজ ইয়ার এমন রোগীদের চিকিৎসা করেন, যারা গুরুতর ব্রুক্সিজমের কারণে দাঁত ক্ষয়ে যাওয়া, ভেঙে যাওয়া, খণ্ডিত হয়ে যাওয়া এবং বারবার ডেন্টাল চিকিৎসা ব্যর্থ হওয়ার মতো সমস্যায় ভুগছেন।

তিনি বলেন, অনেক রোগী চোয়াল বা মুখমণ্ডলে দীর্ঘস্থায়ী ব্যথা এবং ঘুমের ঘাটতির অভিযোগ নিয়েও তার কাছে আসেন। তাই শুধু দাঁত কিড়মিড় করার অভ্যাসকে দায়ী না করে, রোগীর সামগ্রিক অবস্থার মূল্যায়নও জরুরি।

রিয়াজ ইয়ার বলেন, আগে ব্রুক্সিজমকে চোয়ালের একটি যান্ত্রিক সমস্যা হিসেবে দেখা হতো। তবে এখন এ বিষয়ে শক্ত প্রমাণ রয়েছে যে এটি আরও অনেক বেশি জটিল একটি অবস্থা।

তার ভাষায়, এটি একটি ‘জৈব-মনস্তাত্ত্বিক সমস্যা’ (বায়ো-সাইকোলজিক্যাল প্রবলেম), যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয় এবং একজন মানুষের সামগ্রিক ব্যক্তিত্বের প্রভাবেও গড়ে ওঠে।

একটি দন্ত ক্লিনিকে রোগীর সমস্যা চিহ্নিত করার চেষ্টা চলছে - প্রতীকী ছবি

ছবির উৎস, Getty

তিনি বলেন, “আমরা রোগীর ঘুমের ধরণ, খাদ্যাভ্যাস, ওজন, ব্যায়ামের পরিমাণ, তিনি কী ধরনের ওষুধ খাচ্ছেন, এসব বিষয় বিবেচনায় নিই।

পাশাপাশি ঘুমজনিত সমস্যার লক্ষণও মূল্যায়ন করি। একজন রোগীর দাঁত কিড়মিড় করার পেছনে নানা কারণ থাকতে পারে। তাই এই সমস্যার সমাধানে বহুমুখী দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

এ সমস্যা মোকাবিলায় কী সাহায্য করতে পারে?

  • দাঁত সুরক্ষিত রাখতে রাতে ব্যবহারের জন্য মাউথগার্ড
  • যদি এটি স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে সিপ্যাপ মেশিন বা ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস, যা শ্বাসনালি খোলা রাখতে সাহায্য করে
  • ফিজিওথেরাপি
  • সিবিটি-র মতো কথোপকথনভিত্তিক থেরাপি
  • মানসিক চাপ কমানো এবং ঘুমের মান উন্নত করতে জীবনযাপনে পরিবর্তন আনা, যেমন নিয়মিত ব্যায়াম করা, মদ্যপান কমানো, ধূমপান ত্যাগ করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা
  • গুরুতর ক্ষেত্রে বোটক্স চিকিৎসা একটি বিকল্প হতে পারে

পেশি শিথিল করার ইনজেকশন নেওয়ার পাশাপাশি এলা জানান, তিনি উদ্বেগ কমাতে এবং দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্ত হতে ধ্যানও করছেন।

এলা বলেন, “চিকিৎসা আমার জীবন বদলে দিয়েছে। এখন আমি সমস্যাটির মূল কারণ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে চাই।”