Home LATEST NEWS BANGLA চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলা

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলা

7
0

Source : BBC NEWS

চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

চট্টগ্রামের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের
বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে
মামলা দায়ের করা হয়েছে।

রোববার চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এক সংবাদ
সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

“দুইটা অভিযোগ, এক নাম্বার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
এবং দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং উস্কানির অভিযোগ। এরকম দুইটা
স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি, যে মেসেজে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে,” বলেন মি.
চৌধুরী।

তিনি জানান, ডিসেম্বরে দেশে আবার আগের সরকারকে পুনর্বাসনের
জন্য কথোপকথন ওই পুলিশ কর্মকর্তার মেসেজে পাওয়া গেছে।

মি. চৌধুরী বলেন, “একটা মেসেজে এ রকম বলা হয়েছিল যে,
ডিসেম্বরের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা
হবে এবং ডিসেম্বরকে জানবাজি রেখে সবাই মাঠে নামবে, এরকম একটা মেসেজ আমরা পেয়েছি। এটার
ওপর ভিত্তি করে প্রাথমিক ফৌজদারি যে মামলা সেই মামলাটা দায়ের করা হয়েছে।”

তবে, বিস্তারিত এর বেশি কিছু বলতে রাজী হননি তিনি।

দুইটা মেসেজই কি একই ব্যক্তির সাথে নাকি ভিন্ন ভিন্ন
ব্যক্তির সাথে সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এই পুলিশ কর্মকর্তা জানান, পাবলিকলি
যতটুকু তথ্য দেওয়া যায় ততটুকুই দিয়েছেন।

এরই মধ্যে প্রাথমিক ইনকোয়ারি রিপোর্ট পুলিশ সদর দফতরে পাঠানো
হয়েছে উল্লেখ করে বিভাগীয় পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, “এখন পুলিশ হেডকোয়ার্টার
থেকে এটার নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের নাকি জাতীয় পর্যায়ের আওয়ামী
লীগ নেতাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে চট্টগ্রামের ডিআইজি মি. চৌধুরী
বলেন, “এই তথ্যগুলো আমাকে জিজ্ঞেস করে বিব্রত করবেন না। কারণ এগুলো সেনসিটিভ
বিষয়, এগুলো নিয়ে আমি ওপেনলি কথা বলতে পারছি না।”

পরবর্তী আইনি পদক্ষেপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে উল্লেখ করে
তিনি জানান, “একটা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, সেই মামলায় তদন্ত হবে, এটা একটা
প্রক্রিয়া আর ডিপার্টমেন্টাল যে অ্যাকশন সেটাও হবে।”

অভিযুক্ত কর্মকর্তার সাথে অন্য আর কোন কর্মকর্তা এই ঘটনার
সাথে জড়িত রয়েছে কীনা এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা
হচ্ছে।

“যদি আরো কেউ থাকে তবে তারাও এই দুই প্রক্রিয়ায় আসবে, ডিপার্টমেন্টাল
প্রসিডিং এবং ফৌজদারি মামলা,” বলেন মি. চৌধুরী।

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে শনিবার রাত
সাড়ে দশটায় পাঁচলাইশের পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেফতার করা হয়। এর আগে থেকেই তাকে অবশ্য নজরদারিতে রাখা হয়েছিল।