Home LATEST NEWS BANGLA বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে

4
0

Source : BBC NEWS

২০২৪ সালের এপ্রিলে জার্মানির মিউনিখে মাইক্রোসফটের কার্যালয়

পড়ার সময়: ৩ মিনিট

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে কয়েক হাজার নয়, বরং হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগ করতে সমস্যা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে।

সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে তার স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।

মাইক্রোসফট

মাইক্রোসফটের কোন কোন সেবা ব্যাহত হয়েছে, সর্বশেষ পরিস্থিতি কী?

বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি অ্যাপে সংযোগ করতে সমস্যায় পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিশেষ করে মাইক্রোসফটের এক্সচেঞ্জ অনলাইন সেবা, যার মধ্যে আউটলুক ইমেইল অ্যাপও রয়েছে, সেটি অনেক গ্রাহকের জন্য ব্যাহত হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল বা তথ্য দেখতে সমস্যায় পড়তে পারেন।

প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের সেবাও ব্যাহত হয়েছে।

তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিং-এর সেবাগুলো অনেকাংশেই সচল রয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় তাদের দল ইতিবাচক ফল দেখতে পাচ্ছে। একই সঙ্গে এখন সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফোন থেকেও মাইক্রোসফট ব্যবহার করা যাচ্ছে না

বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী বিপাকে

মাইক্রোসফটের সেবায় ধরা পড়া বিভ্রাট সমাধানে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী মাইক্রোসফটের সেবা নিতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

অন্তত গত আট ঘণ্টা ধরে মাইক্রোসফটের সেবাগুলোয় এই বিভ্রাট চলছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটার কিছু পর প্রথম সমস্যাটি শনাক্ত হয়।

সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টার দিকে বিশ্বজুড়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ওই সময় অভিযোগের সংখ্যা ছিল প্রায় এক লাখ ৪০ হাজার, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।

ডাউনডিটেক্টর আরও জানিয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট ছড়িয়ে পড়ে।

ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ২৮ হাজারের বেশি ব্যবহারকারী বিভ্রাটের কারণে সমস্যায় রয়েছেন।

মাইক্রোসফটের বিভ্রাট নিয়ে সামাজিক মাধ্যমে রসিকতা চলছে

মাইক্রোসফটের বিভ্রাট নিয়ে সামাজিক মাধ্যমে রসিকতা

মাইক্রোসফটের সেবায় বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও রসিকতায় মেতেছেন ভুক্তভোগী ব্যবহারকারীরা।

এসব রসিকতায় উঠে এসেছে তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতাও।

২০০২ সালে প্রকাশিত নেলি ও কেলি রোল্যান্ডের জনপ্রিয় গান ‘ডিলেমা’র একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ঘুরে ফিরে আসছে।

ওই দৃশ্যে রোল্যান্ডকে একটি স্প্রেডশিটে বার্তা লিখতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, “আউটলুক যখন কাজ করছে না, তখন কেলি রোল্যান্ডের মতো এক্সেলের মাধ্যমে ইমেইল পাঠানো শুরু করার সময় এসেছে।”

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত তার ওই পোস্টে ২৩ হাজার লাইক পড়েছে এবং প্রায় তিন হাজার বার শেয়ার হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবাসন প্রতিষ্ঠান সারমন্ট ইনস্টাগ্রামে রসিকতা করে লিখেছে, “আজকের মতো দিনগুলো মনে করিয়ে দেয়, আপনার পুরো চাকরিটাই আসলে শুধু ইমেইল পাঠানোর কাজ।”

এর মধ্যে কেউ কেউ আবার ছুটি পাওয়ার আশাও প্রকাশ করেছেন।

এক ব্যবহারকারী লিখেছেন, “আউটলুক যদি আর চালু না হয়, তাহলে কি আইনত আমরা সপ্তাহের বাকি দিনগুলো ছুটি নিতে পারি?”