Source : BBC NEWS
ছবির উৎস, Getty Images
যুক্তরাষ্ট্র থেকে
২৫টি বোয়িং কেনার চুক্তির পর এবার এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার
সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানিয়েছে
সরকার।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে একটি
ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত
সাংবাদিকদের এই তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন,
“এখন পর্যন্ত বোয়িং থেকে ২৫টি
উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে ১৫টি আছে ওয়াইড বডি আর ন্যারো বডি
১১টি”।
তিনি বলেন,
“অনেকে প্রশ্ন করে এত বোয়িং আমরা
কেন কিনলাম? সামর্থ্য
আছে কি-না। চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া বিষয়টি তা না। এই চুক্তি
সাক্ষরের পর প্রথম এয়ার ক্রাফটই আসবে ২০৩১ সালে। যদিও আমরা অনুরোধ করছি,
অন্তত একটা হলেও আমাদের ২০২৭-২৮ সালের মধ্যে দিত”।
মন্ত্রী জানান,
বাকি যে বিমানগুলো সেগুলো কিনতে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত লাগবে। তবে এই
বিমান কেনার জন্য এখনই টাকা পরিশোধ করতে হচ্ছে না। যে বিমানগুলো আসবে সেগুলো
বিমানের আয়ের টাকা দিয়েই কেনা যাবে।
বিমানমন্ত্রী বলেন,
“বিমানের বহর বাড়িয়ে এভিয়েশন
খাতকে আমরা উন্নত করতে চাই। ফ্লিট বাড়লে, যাত্রীর সংখ্যা বাড়লে সব মিলিয়ে টিকেটের দামও কমাতে পারি।
আমি মনে করি বোয়িংয়ের মতো এয়ারবাস কেনার চুক্তিও যথার্থ হবে”।




