Home LATEST NEWS BANGLA হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

6
0

Source : BBC NEWS

হিজাব পড়া নারী

অনেকে বলেন, সারাদিন হেলমেট পরার কারণে চুল পড়ছে। কেউ বলেন, হিজাব পরলে মাথায় বাতাস লাগে না, ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। আবার কারো কারো ধারণা, শ্যাম্পু বদলালে কিংবা তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়।

চুল পড়ার কারণ, এর চিকিৎসা কিংবা চুল পড়া বন্ধ করার উপায় নিয়ে মানুষের মধ্যে এমন নানা ধারণা রয়েছে। চুল নিয়ে প্রচলিত এসব ধারণাগুলো আসলে কতটা সঠিক, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা এনএইচএস বলছে, দৈনিক ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক।

কিন্তু অতিরিক্ত চুল পড়ার বিষয়টি নজরে এলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

স্বাভাবিক হারের তুলনায় বেশি চুল পড়ে গেলে এবং একই অনুপাতে নতুন চুল না গজানোর এ পরিস্থিতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যালোপেশিয়া।

এনএইচএস এর তথ্য অনুযায়ী, বিশ্বের ১৪ কোটিরও বেশি মানুষের অ্যালোপেশিয়া অর্থাৎ পূর্ণ বা আংশিক টাক রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া মানুষের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে, কখনও কখনও এটি কোনো রোগ, হরমোনের সমস্যা, পুষ্টির ঘাটতি বা মানসিক চাপের কারণেও হতে পারে।

ফলে কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক আর কোন ধারণাগুলো আসলে ভুল, এ বিষয়গুলো জানা জরুরি।

চুল পড়ার পেছনে থাকতে পারে নানা কারণ

চুল কেন পড়ে?

মানুষ ভেদে চুল পড়ার নানা কারণ থাকতে পারে। কারো বংশগত, কারো অপরিচ্ছন্নতা আবার কারো ক্ষেত্রে এর পেছনে বয়স দায়ী। এছাড়া নারী-পুরুষ ভেদেও চুল পড়ার কারণ ও ধরণ ভিন্ন।

তবে, পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন বল্ডনেস। কপালের দুই পাশ থেকে চুল পাতলা হয়ে মাথার মাঝখানে টাক পড়ে।

আর নারীদের ক্ষেত্রে মাথার মাঝখানের সিঁথি চওড়া হয়ে যায় আর চুল পাতলা হয়। যা বংশগতি কিংবা হরমোনের সংবেদনশীলতার কারণে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি বাড়ে।

নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), গর্ভাবস্থা কিংবা সন্তান জন্মদানের পর হরমোনের পরিবর্তনে চুল পড়তে পারে। এছাড়া থাইরয়েড হরমোন কম বা বেশি হলেও চুল পড়ে।

অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এন্ড কসমেটিক সার্জন ডা. শায়লা হক বলছেন, বংশগত কারণে কিংবা বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়তে পারে।

“যাদের মধ্যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি (ঘাটতি) থাকে কিংবা আয়রন, ভিটামিন ডি ও জিংকের ঘাটতি থাকে তাদের চুল পড়তে পারে। এছাড়া বাড়তি মানসিক চাপ বা উদ্বিগ্ন থাকার ফলেও চুল পড়তে পারে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

নারী এবং পুরুষের চুল পড়ার ধরনও এক নয় বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।

তিনি বলছেন, অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের চুল পড়ার কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স ও ভিটামিন ডি এর ঘাটতি।

চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। শরীরে প্রোটিন, আয়রন, জিংক, ভিটামিন ডি, ভিটামিন বি-১২ এবং বায়োটিনের ঘাটতি হলে চুল দুর্বল হয়ে পড়ে।

বাংলাদেশে অনেক নারীর মধ্যে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা রয়েছে, যা চুল পড়ার একটি বড় কারণ। হঠাৎ করে ডায়েট করে ওজন কমানো, দীর্ঘদিন না খেয়ে থাকা এবং খাওয়ার অনিয়মেও চুল পড়া বাড়তে পারে।

এছাড়া, মানসিক চাপ, জ্বর, ডেঙ্গু, টাইফয়েড এবং কোভিডের মতো অসুস্থতা, অস্ত্রোপচার বা সন্তান জন্মের দুই থেকে তিন মাস পর হঠাৎ অনেকের চুল পড়তে শুরু করে।

খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস এবং ফাঙ্গাল ইনফেকশন মাথার ত্বকের স্বাস্থ্য নষ্ট করে চুল পড়া বাড়ায়। অ্যালোপেশিয়া এরিয়াটা নামের এক ধরনের অটোইমিউন রোগেও চুল উঠে যায়।

কিছু ওষুধ (যেমন- ক্যানসারের কেমোথেরাপি, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, বাতের ওষুধ) এর কারণেও চুল পড়া বাড়তে পারে।

অনেক সময় চুলে স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট (কেমিক্যাল ট্রিটমেন্ট, হেয়ার রিবন্ডিং) এর অতিরিক্ত ব্যবহারেও চুল পড়তে পারে বলে জানান মিজ হক।

তীব্র গরমে দীর্ঘ সময় হেলমেট না পরার পরামর্শ বিশেষজ্ঞদের

হিজাব বা হেলমেট পরলে কি চুল পড়ে?

বাংলাদেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে মাথায় ঘাম জমে। ঘাম, ধুলো আর তেল মিলে মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন, খুশকি বা ফলিকিউলাইটিস হতে পারে।

মাথার ত্বকে দীর্ঘদিন সংক্রমণ থাকলে চুল পড়া বেড়ে যেতে পারে। কিন্তু এখানে হিজাব বা হেলমেট দায়ী নয় বলেই মত বিশেষজ্ঞদের।

ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন বলছেন, “অনেক সময় ধরে যখন মাথার চুল ঢেকে রাখা হচ্ছে, তখন সেখানে ময়েশ্চার বা আদ্রতা তৈরি হচ্ছে, ঘেমে যাচ্ছে। যা হেয়ার ফলিকল স্কাল্পে প্রভাব ফেলছে।”

বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় দীর্ঘ সময় হেলমেট, ক্যাপ বা হিজাব পরে থাকলে চুলের গোড়ায় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে বলেও মনে করেন তিনি।

শক্ত করে বাঁধা হিজাব, টুপি বা হেলমেটের স্ট্র্যাপ যদি প্রতিদিন একই জায়গায় চুলে টান দেয়, তাহলে এক ধরনের চুল পড়া হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া।

তবে, এটি সাধারণ টুপি পরার কারণে হয় না। খুব শক্ত করে চুল বাঁধা, বারবার একই স্টাইলে বা ধাঁচে টেনে চুল বাঁধার কারণে এটি বেশি হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শায়লা হক বিবিসি বাংলাকে বলছেন, “যদি হেলমেটটা অনেক বেশি টাইট হয় তাহলে চুলের ফলিকলগুলোতে চাপ পড়ে হেয়ার ফল হতে পারে। হেলমেটের কারণে হেয়ার ব্রেকেজ হতে পারে, অতিরিক্ত ঘামের কারণে স্কাল্পে ইরিটেশন বা ইনফেকশনও হতে পারে।”

এছাড়া গোসলের পর ভেজা চুলে হেলমেট পরলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। কারণ, ভেজা চুল শুকনো চুলের চেয়ে অনেক বেশি নরম ও ভঙ্গুর।

এক্ষেত্রে হেলমেটের ভেতরের প্যাড নিয়মিত পরিষ্কার করার পরামর্শ চিকিৎসকদের। ঘামে ভেজা হেলমেট দীর্ঘক্ষণ না পরা, চুল পুরোপুরি শুকিয়ে হেলমেট পরা এবং মাথায় খুশকি বা চুলকানি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

হিজাবের ক্ষেত্রেও একই সতর্কতার কথা বলছেন ডা. ইরিন। “অনেকেই আঁটোসাঁটো করে হিজাব পরেন, হিজাবের ওপরেও বিভিন্ন লেয়ার রাখেন। হিজাব সবসময় একটু ঢিল করে বাঁধা উচিত, যাতে বাতাস চলাচল করতে পারে,” বলেন তিনি।

অর্থাৎ হিজাব, টুপি কিংবা হেলমেট পরলেই যে চুল পড়ে যাবে বিষয়টি এমন নয়। শারীরিক, মানসিক কিংবা বাহ্যিক নানা কারণেই যেকোনো ব্যক্তির চুল পড়তে পারে। ফলে চুল এবং মাথার ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।

“বাইরের যে আবহাওয়া, অনেক বেশি ধুলা, নানান ধরনের দূষণ – এখান থেকেও চুল পড়ার সমস্যাটা তৈরি হতে পারে, আমাদেরকে চুলের যত্ন নিতে হবে, স্কাল্পের যত্ন নিতে হবে। আর সমস্যা মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে,” বিবিসি বাংলাকে বলেন ডা. শায়লা হক।

নারী-পুরুষ-শিশু সবার হতে পারে অ্যালোপেশিয়া

চুল পড়া কমাতে করণীয়

চুল পড়া কমাতে- এর কারণ নির্ণয়, চিকিৎসা ও যত্ন সময় মতো শুরু করা জরুরি বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের।

বংশগতভাবে যাদের অ্যালোপেশিয়ার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আগে থেকেই চিকিৎসা শুরু করার কথা বলছেন ডা. শায়লা হক।

“অ্যালোপেশিয়া যদি বংশগতভাবে হয় সেক্ষেত্রে অ্যাসথেটিক ট্রিটমেন্ট দেওয়া হতে পারে। আর যদি হরমোনাল বা নিউট্রিশনাল ঘাটতির কারণে হয় তাহলে সাপ্লিমেন্ট দেওয়া হতে পারে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

চুলের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিনের খাবারে প্রোটিনের পাশাপাশি আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার (যেমন- ডিম, মাছ, মাংস, ডাল, ছোলা, পালং শাক, লাল শাক, বাদাম, কলা, পেয়ারা, লেবু) রাখার কথা বলছেন চিকিৎসকরা।

ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন বলছেন, “আমলকি, আমড়াসহ ঋতুভিত্তিক টক স্বাদের ফলগুলো চুলের জন্য উপকারী। এছাড়া প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, কারণ চুল প্রোটিন দিয়েই তৈরি। মাছের শরীরে থাকা জিংকও চুলের গ্রোথ ভালো রাখে।”

নিয়মিত চুলের যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। প্রতিদিন শ্যাম্পু করা জরুরি নয়, তবে যারা প্রতিদিন ধুলো-ঘামে থাকেন, তারা চিকিৎসকের পরামর্শে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

এছাড়া শ্যাম্পু করার পর কন্ডিশনার চুলের গোড়ায় না দিয়ে আগায় লাগানো, ভেজা চুল চিরুনি দিয়ে জোরে না টানা এবং চুল শুকাতে অতিরিক্ত গরম হেয়ার ড্রায়ার ব্যবহার না করার পরামর্শ চিকিৎসকদের।

চুলের জন্য শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে যেগুলোতে বিভিন্ন ধরনের বোটানিক্যাল (যেমন- অ্যালোভেরা, আমলা) অর্থাৎ ভেষজ পদার্থের নির্যাস থেকে তৈরি, সেগুলো ব্যবহার করতে পারেন বলে পরামর্শ দেন মিজ ইরিন।

“চিরুনির ক্ষেত্রে সম্ভব হলে কাঠের চিরুনি ব্যবহার করা ভালো, কারণ প্লাস্টিকের চিরুনি চুলের টেক্সচারকে ক্ষতিগ্রস্ত করে, স্কাল্পের ওপরে যে একটা লেয়ার থাকে সেটিকে নষ্ট করে দেয়,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়ার বাহ্যিক অনেক কারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হলো মানসিক চাপ।

ডা. ইরিন বলেন, “যত মানসিক চাপ কম হবে আমার চুলের ওপরেও প্রভাব কম পড়বে। হিজাব, হেলমেট বা অন্য কোনো কারণে বাহ্যিক চাপ পড়ে, কিন্তু মানসিক চাপের বিষয়টি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে।”

চুল পড়া নিয়ে দুঃশ্চিন্তায় থাকেন অনেকেই

চিকিৎসা নিয়ে যেসব ভুল ধারণা

চুল পড়ার কারণ এবং এর প্রতিকার নিয়ে নানা রকম প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই চিকিৎসা নেওয়ার আগেই বিভিন্ন ধরনের টোটকা ব্যবহার করে টাকা ও সময় নষ্ট করেন।

শ্যাম্পু বদলালেই চুল পড়া বন্ধ হবে

অনেকেরই এ ধারণা রয়েছে। কিন্তু শ্যাম্পু চুল পরিষ্কার করে, চুল গজায় না। ভালো শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুল ভাঙা কমাতে পারে, কিন্তু ভেতরের হরমোন বা পুষ্টির সমস্যা ঠিক করতে পারে না।

প্রতিদিন চুলে তেল না দিলে চুল পড়ে

তেল চুলকে নরম রাখে এবং মাথার ত্বকের শুষ্ক ভাব কমাতে সহায়তা করে। কিন্তু চুলের গোড়ায় পুষ্টি জোগায় না। বরং অতিরিক্ত তেল মাথায় দিলে খুশকি ও ফাঙ্গাল ইনফেকশন বাড়তে পারে।

পেঁয়াজের রস, আদা, রসুনে টাক সেরে যায়

এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো চিকিৎসা নয়। বরং এসব ব্যবহারে কারো কারো মাথার ত্বকে জ্বালাপোড়া ও অ্যালার্জি তৈরি হতে পারে।

“এগুলো আসলে মিথ। অতিরিক্ত কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার না করে সালফেটযুক্ত বা মাইল্ড শ্যাম্পুগুলো স্কাল্পের জন্য ভালো। আর চুলের আর্দ্রতা যেন ঠিক থাকে সেজন্য অনেক সময় তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়,” বিবিসি বাংলাকে বলেন ডা. শায়লা হক।

এছাড়া চুল পড়া মানেই ক্যানসার বা বড় রোগ কিংবা একবার টাক পড়লে আর চুল গজাবে না- এমন সব ধারণাও রয়েছে অনেকের মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই চুল পড়া সাধারণ কারণে হয়। তবে, হঠাৎ করে গোছা গোছা চুল পড়লে কিংবা মাথার ত্বকে ক্ষত বা চুলকানি দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

জলপাই, আমলকির মতো দেশি ফল খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা