Source : BBC NEWS
Getty Images
নিজের শৈশব-কৈশোরের বই পড়ার নেশার স্মৃতিচারণা করতে গিয়ে অনেককেই বলতে শোনা যায়, পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে গল্পের বই পড়তেন তারা। পাঠ্যবইয়ের বাইরের এসব বইকে কেউ কেউ আবার ‘আউট বই’ বলেও ডাকেন।
বাড়ির বড়দের চোখ এড়িয়ে কিংবা দৈনন্দিন পড়ার ফাঁকে গল্প-উপন্যাসে বুঁদ হয়ে থাকার এমন অভিজ্ঞতা একসময় অনেকের শৈশব-কৈশোরেরই অবিচ্ছেদ্য অংশ ছিল।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন বদলেছে মানুষের বিনোদনের মাধ্যম, অবসর কাটানোর ধরণ।স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল বিনোদনের বিস্তারে বই পড়ার অভ্যাসেও পরিবর্তন এসেছে। এখনকার শিশু-কিশোর কিংবা তরুণদের মধ্যে পাঠ্যবইয়ের বাইরে গল্প, উপন্যাস বা অন্য কোনো বই পড়ার আগ্রহ কতটা রয়েছে, সেই প্রশ্নও সামনে আসছে।
অনেকের মতে, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার, ইন্টারনেটের অবাধ দুনিয়া, শিক্ষাব্যবস্থার চাপ, পারিবারিক পরিবেশ, রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি এবং বইয়ের সহজলভ্যতার অভাবের মতো নানা কারণে মানুষ দিনকে দিন বইবিমুখ হয়ে পড়ছেন।
যদিও বাংলাদেশে প্রতিবছর অমর একুশে বইমেলাকে ঘিরে পাঠক-প্রকাশকদের মধ্যে একপ্রকার উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু তা থেকে প্রকৃত পাঠকের সংখ্যা সম্পর্কে ধারণা করা কঠিন।
বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানেও বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
Getty Images
বাংলাদেশে বই পড়ার প্রবণতা কতটা কম?
২০২৪ সালে বিশ্বের ১০২টি দেশে বই পড়ার অভ্যাস নিয়ে জরিপ চালায় সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন।
৬৫ লাখের বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে করা ওই জরিপে বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম এবং বই পড়ার ক্ষেত্রে প্রথম অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের।
সিইওওয়ার্ল্ডের এই জরিপের তথ্যই নিজেদের ওয়েবসাইটে তুলে ধরেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
সেই তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে মাত্র দুই দশমিক সাত পাঁচটি বই পড়েন। আর বই পড়ার জন্য তাদের ব্যয় হয় বছরে গড়ে ৬২ ঘণ্টা।
অন্যদিকে, ওই তালিকায় বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন এবং বই পড়ার পেছনে ব্যয় করেন ৩৫২ ঘণ্টা।
এ ক্ষেত্রে শ্রীলঙ্কাও বাংলাদেশের চেয়ে এগিয়ে। সেখানে একজন মানুষের বছরে গড়ে তিন দশমিক ২৯টি বই পড়া হয়। তবে পাকিস্তানে এই সংখ্যা বাংলাদেশের চেয়েও কম, বছরে মাত্র দুই দশমিক ছয়টি।
আর বই পড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন। দেশটিতে একজন মানুষ বছরে বই পড়ার পেছনে ব্যয় করেন গড়ে প্রায় ৩৫৭ ঘণ্টা।
Michael Nagle/Bloomberg via Getty Images
এ ছাড়া যুক্তরাজ্যে বছরে গড়ে ১৫টি, ফ্রান্সে ১৪টি, ইতালিতে ১৩টি, রাশিয়ায় ১১টি করে বই পড়েন একজন মানুষ।
উল্লেখ্য, সিইওওয়ার্ল্ডের এই জরিপে বই পড়ার ক্ষেত্রে শীর্ষ ২০টি দেশের তালিকায় ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।
এদিকে, বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস নিয়ে পরিচালিত একটি গবেষণাতেও একই ধরনের চিত্র উঠে এসেছে।
দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দু’টি দাখিল মাদ্রাসার মোট ৬৯১ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। তাদের পছন্দের বইয়ের মধ্যে রয়েছে কমিকস ও কৌতুকের বই, ছোটগল্প, ভৌতিক গল্প এবং কল্পবিজ্ঞান। আর অংশগ্রহণকারীদের ৫৬ শতাংই ছিল ছাত্রী।
কিন্তু গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৮৭ শতাংশ অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে পাঠ্যবইয়ের বাইরে বই পড়তেন ৩৮ শতাংশ।
গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আহসান হাবিব, সহকারী অধ্যাপক শিল্পী রানী সাহা এবং গবেষক মোহাম্মদ রাকিবুল ইসলাম।
Getty Images
পাঠ্যবইয়ের বাইরে পড়ার সংস্কৃতি গড়ে ওঠেনি কেন?
বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় ভারতসহ বিভিন্ন দেশের এগিয়ে থাকার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক চর্চার পার্থক্য রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
বিবিসি বাংলাকে তিনি বলেন, ভারতে বই পড়া ও সাহিত্যচর্চার বিষয়টি সমাজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও বই পড়ার সংস্কৃতি ধরে রাখার চর্চা রয়েছে। যেমন, ওরা পার্কে গিয়েও বই পড়ে।
কিন্তু বাংলাদেশে সেই সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি বলে মনে করেন তিনি।
তার ভাষায়, “সাংস্কৃতিক একটা বিপ্লব যদি বলেন, কিংবা সাংস্কৃতিক যে ধারা, সেটাকে এগিয়ে নেওয়া ছাড়া আসলে বই পড়ার অভ্যাস গড়ে তোলা সহজে হবে না।”
অন্যদিকে, বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস মনে করেন, বাংলাদেশের পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বই পড়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরে গুরুত্ব না পাওয়া।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমরা আসলে প্রথম পর্যায়ের শিক্ষিত এখন। আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেব করলে দেখবেন আমাদের অনেকের বাবারা স্কুলেই যাননি।”
তার মতে, বাংলাদেশের সমাজে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিস্তার তুলনামূলকভাবে সাম্প্রতিক। ফলে দীর্ঘদিন ধরে পড়াশোনা বলতে মূলত স্কুল-কলেজের পাঠ্যবই পড়াকেই বোঝানো হয়েছে।
“স্কুল থেকেও বলেনি। আর, স্কুল-কলেজের পড়াশোনার বাইরেও যে পড়াশোনার একটা জগৎ আছে, সেটা আমাদের অভিভাবকেরা কিছুদিন আগেও বুঝতেন না,” বলেন দীপঙ্কর দাস।
একসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তখন শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি নিয়ে গেলে অনেক অভিভাবক, এমনকি শিক্ষকেরাও প্রশ্ন তুলতেন, পাঠ্যবইয়ের বাইরে এসব বই পড়ে সময় নষ্ট করার প্রয়োজন কী।
তার মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার, এই তিন জায়গা থেকেই পাঠক তৈরি হতে পারে। কিন্তু বাংলাদেশে সেই পরিবেশ এখনও যথেষ্ট গড়ে ওঠেনি।
Getty Images
পাঠাগার ও পারিবারিক পরিবেশের ঘাটতি কতটা?
বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সরকারি গণগ্রন্থাগার রয়েছে মোট ৭১টি।
এর বাইরে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন পাঠাগার পরিচালিত হচ্ছে।
তবে এসব পাঠাগারে নিয়মিত পাঠক আকৃষ্ট করা এবং পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা কতটা সম্ভব হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনেক পাঠাগারে সাহিত্য বা অন্যান্য বই পড়ার চেয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনার প্রবণতা চোখে পড়ে।
২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় সরকারি গণগ্রন্থাগারগুলোতে জনবলসংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পাঠকের চাহিদা অনুযায়ী বইয়ের অপর্যাপ্ততার মতো সমস্যা উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী মনে করেন, পাঠাভ্যাস গড়ে তুলতে রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ে আরও উদ্যোগ প্রয়োজন।
Getty Images
গাজীপুর সিটি করপোরেশনের শিক্ষাব্যবস্থার উন্নয়নসংক্রান্ত একটি কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, সেখানে পাড়ায় পাড়ায় মানুষের হাঁটা দূরত্বের মধ্যে পাঠাগার গড়ে তোলার প্রস্তাব এসেছিল। কারণ বই পড়ার সংস্কৃতি ধরে রাখতে হলে মানুষের কাছে সহজে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এমনকি শপিং মলের মতো জায়গাতেও শিশু-কিশোরদের খেলার জায়গার পাশাপাশি বই পড়ার জন্যও জায়গা রাখার প্রস্তাব করেন তিনি। এটিকে কেবল ব্যবসায়িক চাহিদার বিষয় হিসেবে না দেখে সামাজিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে বলে মত তার।
শুধু বিদ্যালয়ে নয়, বিদ্যালয়ের বাইরেও কমিউনিটি পর্যায়ে বইপড়া কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ যুক্ত করার ওপর গুরুত্ব দেন অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
বিদ্যালয়ের বাইরেও কমিউনিটি পর্যায়ে বইপড়া কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অধ্যাপক সিদ্দিকী।
এদিকে, ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত পল্লীমা সংসদের অঙ্গপ্রতিষ্ঠান শহীদ বাকী স্মৃতি পাঠাগার ২০২৫ সালে ‘বাংলাদেশে কমিউনিটি পাঠাগারের ভবিষ্যৎ’ শীর্ষক একটি জরিপ পরিচালনা করে।
সেই জরিপে দেখা গেছে, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের ৪৭ দশমিক এক শতাংশ শিশু-কিশোরও নিয়মিত বই পড়ে।
বিপরীতে বড়রা বই পড়েন না, এমন পরিবারে এই হার ৩১ দশমিক আট শতাংশ।
Getty Images
স্মার্টফোন কি বইয়ের জায়গা দখল করছে?
এক হাজার পাঁচজনের ওপর পরিচালিত শহীদ বাকী স্মৃতি পাঠাগারের ওই জরিপে উঠে আসে যা স্মার্টফোনের কারণে পাঠকদের মনোযোগ ব্যাহত হচ্ছে।
১৮ থেকে ২৫ বছর বয়সীদের ৫৪ দশমিক তিন শতাংশ অংশগ্রহণকারী জানান, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কারণে তাদের বই পড়ায় মনোযোগ ব্যাহত হয়। ১৮ বছরের কম বয়সীদের মধ্যেও ৫৩ শতাংশ অংশগ্রহণকারীও একই কারণ উল্লেখ করেছেন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী মনে করেন, এই পরিবর্তনের শুরু স্মার্টফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম আসারও আগে, যখন ডিশ অ্যান্টেনার মাধ্যমে টেলিভিশনে অনেক চ্যানেল দেখার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, তাদের শৈশবে পড়াশোনা ও খেলাধুলার বাইরে বিনোদনের সুযোগ ছিল সীমিত। ফলে গল্পের বই ছিল অবসর কাটানোর অন্যতম মাধ্যম।
শুধু বই পড়া নয়, এখনকার শিশুদের খেলাধুলার অভ্যাসেও পরিবর্তন এসেছে। একসময় শিশুদের অতিরিক্ত খেলাধুলা থেকে বিরত রাখার চেষ্টা করা হতো। কিন্তু এখন অনেক শিশুকে উৎসাহ দিয়েও মাঠে খেলতে পাঠানো কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমকে শুধু বই পড়ার প্রতিবন্ধক হিসেবে দেখতে রাজি নন বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস।
Getty Images
তার মতে, মানুষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা সময় কাটায়। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে এখন অল্প সময়েই নানা ধরনের বিনোদন পাওয়া যায়। কিন্তু একটি বই পড়তে তুলনামূলক বেশি সময় ও মনোযোগ প্রয়োজন। ফলে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে একটি বই পড়ার ধৈর্য কমছে মানুষের। তবে একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে পাঠকের কাছে নতুন বইয়ের তথ্য পৌঁছে দেওয়া সহজ হয়েছে।
এদিকে, যারা এখনও নিয়মিত বই পড়েন, তাদের মাঝে একটি অংশ আবার মুদ্রিত বইয়ের পাশাওয়াশি ই-বুক, পিডিএফ ও অডিওবুকের দিকে ঝুঁকছেন।
দীপঙ্কর দাস মনে করেন, পাঠক সংখ্যা কমলেও মুদ্রিত বইয়ের চাহিদা এখনও আছে।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “একসময় রেডিও যখন এল, তখন সবাই বললো যে বই পড়বে না এখন আর কেউ, সবাই রেডি শুনবে। যখন টেলিভিশন আসছে তখন আবার টেলিভিশনের জোয়ার। এরপর ইন্টারনেট আসছে। তারপর সোশ্যাল মিডিয়া আসছে।”
“এই পরিবর্তনের জোয়ারে মুভি ও মিউজিকের মার্কেটটা পুরো অনলাইন হয়ে গেছে। কোনো মিউজিকের দোকান নাই, সিডির দোকানও নাই। কিন্তু বইয়ের দোকান এখনো আছে, সেটার সংখ্যা কমে গেলেও। এই ধারাবাহিক পরিবর্তন বা অগ্রগতির মাঝে এটা লক্ষণীয়।”
আর ‘বাংলাদেশে কমিউনিটি পাঠাগারের ভবিষ্যৎ’ শীর্ষক জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জানিয়েছেন যে তাদের কাগুজে বই-ই প্রধান পছন্দ।
Getty Images
বইমেলার ভিড় কি পাঠকসংখ্যার প্রতিফলন?
বাংলাদেশে বই পড়ার অভ্যাস নিয়ে কথা উঠলে অমর একুশে বইমেলার প্রসঙ্গও উঠে আসে।
মাসব্যাপী এই আয়োজনে বিপুল মানুষের সমাগম হলেও তা সারা বছরের বই বিক্রি কিংবা নিয়মিত পাঠকের সংখ্যার প্রতিফলন নয় বলে মনে করেন অনেকেই।
প্রকাশক দীপঙ্কর দাস বলেন, “আমাদের এখানে যেকোনো ফেস্টিভ্যাল মানেই লোকজন অনেক যায়। কারণ তার তো যাওয়ার কোনো জায়গা নাই। একটা ওপেন স্পেসও তার জন্য দেখার মতো জায়গা। তাই, বই মেলায় যত মানুষ যান, বাস্তবে তাদের সবাই বইয়ের পাঠক নন।”
দেশের প্রকাশনা খাতের একটি বড় সমস্যা হলো বইমেলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা উল্লেখ করে তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বইমেলা কয়েক দিন থেকে এক বা দুই সপ্তাহের মধ্যে সীমিত থাকে। কিন্তু বাংলাদেশে তা এক মাস ধরে চলে। অথচ শুধু একটি মেলার ওপর নির্ভর করে কোনো প্রকাশনা শিল্প টেকসইভাবে চলতে পারে না।”
এ কারণে বইমেলার সময় কমিয়ে সারা বছর পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এছাড়া, বাংলাদেশের পাঠকদের আরেকটি অভিযোগ, এখানে বইয়ের দাম বেশি।
এ প্রসঙ্গে দীপঙ্কর দাস বলেন, “বইয়ের দাম বেশি হওয়ায় পাঠক বই কেনেন না, আবার পাঠক কম হওয়ায় বেশি সংখ্যায় বই ছাপানোও যায় না। বইয়ের পাঠকসংখ্যা বাড়লে বেশি সংখ্যায় বই ছাপানো সম্ভব হবে, যা বইয়ের দাম কমাতেও ভূমিকা রাখতে পারে।
তবে কোনো দেশে বইয়ের পাঠক তৈরিতে লেখকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস।
এ ক্ষেত্রে বাংলাদেশের প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের উদাহরণ টেনে তিনি বলেন, তার লেখা একটি প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলেছিল।
“তবে এরকম লেখক সব সময় আসেন না। অনেক বছর পরপর এমন লেখকের জন্ম হয়।”




