Home LATEST NEWS BANGLA উরু মোটা বা চিকন হওয়ার সঙ্গে আয়ুর কী সম্পর্ক?

উরু মোটা বা চিকন হওয়ার সঙ্গে আয়ুর কী সম্পর্ক?

3
0

Source : BBC NEWS

একজন মানুষ দুই হাতে তার উরু ধরে আছেন

ছবির উৎস, Getty Images

মোটা উরু নিয়ে সংকোচ বোধ করার বা কাউকে খোঁচা দেওয়ার দিন হয়তো শেষ, কারণ এর সঙ্গে দীর্ঘায়ু হওয়ার যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা।

অনেকেই নিজেদের পেশিবহুল মোটা উরু নিয়ে লজ্জা পান বা সংকোচ বোধ করেন। যেমন যুক্তরাজ্যের দৌড়বিদ তাশা থম্পসন যখনই নিজের উরুর কথা ভাবতেন, তখনই তার মনে হতো, “ইশ, এগুলো যদি এত মোটা না হতো!”

কিছু সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে সরু পাকে আদর্শ হিসেবে দেখা হয়েছে।

থম্পসন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলছিলেন, সমাজের “সেই প্রত্যাশা যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে নিজেকে কিছুটা ব্যর্থ মনে হতে পারে।”

তবে গবেষণাও পাওয়া একের পর এক প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে, বড় বা স্থূল উরুকে অন্যায়ভাবে সমালোচনা করা হয়েছে এবং বরং এর সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক রয়েছে।

২৫ হাজার অংশগ্রহণকারীর ওপর করা একটি মেটা-অ্যানালাইসিসে (একই বিষয়ের উপর করা বিভিন্ন গবেষণার ফলাফলকে একত্রিত করে সার্বিক সিদ্ধান্ত বা ফলাফল বের করা) দেখা গেছে, উরুর পরিধি প্রতি ৫ সেন্টিমিটার বাড়ার সঙ্গে যেকোনো কারণে মৃত্যুঝুঁকি ১৮ শতাংশ কমে যায়।

তবে এর অর্থ কি সত্যিই এই যে আমাদের উরুর আকার বাড়ানোর চেষ্টা করা উচিত?

তাশা ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন, এক হাত তাঁর কোমরে। তিনি রাস্তার বাইরে দাঁড়িয়ে আছেন, আর ঝাপসা পটভূমিতে কিছু পথচারী ও একটি স্টল দেখা যাচ্ছে। তাঁর চুল বেণী করা, এবং তাঁর পরনে একটি নীল টি-শার্ট, যাতে গোলাপি অক্ষরে লেখা আছে 'Black Girls Do Run UK'।

ছবির উৎস, Delene Adams

মোটা উরুর উপকারিতা কী

বিশেষজ্ঞদের ধারণা, ২০২০ সালের মেটা-অ্যানালাইসিসে অংশ নেওয়া ব্যক্তিরা দীর্ঘজীবী হয়েছেন কারণ তাদের পায়ের পেশি তুলনামূলকভাবে স্ফীত ছিল, যা তাদের উরুকে আরও পূর্ণ করেছে।

যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের (কেসিএল) বার্ধক্য ও স্বাস্থ্যবিষয়ক অধ্যাপক ক্লেয়ার স্টিভস বলেন, “উরুতে থাকা তিন ধরনের টিস্যুর মধ্যে একটির, অর্থাৎ পেশির সঙ্গে স্বাস্থ্য ও দীর্ঘায়ুর অত্যন্ত শক্তিশালী সম্পর্ক থাকার ব্যাপারে খুব জোরালো প্রমাণ রয়েছে।”

বেশি পেশি থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে; ফলে ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে।

২০০৯ সালে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, চিকন উরুর সঙ্গে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হৃদরোগ ও মৃত্যুঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

শক্তিশালী উরু বয়স্কদের দুর্বলতা প্রতিরোধ করতেও সাহায্য করতে পারে এবং তাদের স্বনির্ভরতা বাড়ায়।

ক্লেয়ার স্টিভস লন্ডনের গাইজ অ্যান্ড সেইন্ট থমাস হাসপাতালেরও পরামর্শক জেরিয়াট্রিশিয়ান (বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ)। তিনি বলেন, “পরবর্তী বয়সে শারীরিক সক্ষমতার জন্য কোয়াড (উরুর সামনের দিকের পেশি) অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই আপনাকে চেয়ার থেকে উঠতে এবং চলাফেরা করতে সাহায্য করে।”

আমাদের পা যে শক্তি উৎপাদন করতে পারে, তার সঙ্গে মস্তিষ্কের ভালোভাবে বার্ধক্যে পৌঁছানোর সম্পর্কও পাওয়া গেছে।

৩০০-এর বেশি যমজ নারীর পায়ের শক্তি পরিমাপ করা এক গবেষণায় দেখা যায়, গবেষণার শুরুতে যার পায়ের শক্তি বেশি ছিল, ১০ বছর পর তার বুঝতে পারা ও চিন্তা করার সক্ষমতা এবং মস্তিষ্কের গঠন তুলনামূলকভাবে ভালো ছিল।

কারণ কী?

যা বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বিষয়টি হলো, সক্রিয় পেশি এমন কিছু রাসায়নিক উৎপন্ন করে, যা প্রদাহ কমিয়ে এবং মস্তিষ্কের নেটওয়ার্ককে সুরক্ষা দিয়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ককে রক্ষা করতে পারে।

স্টিভস, যিনি এই গবেষণাটি পরিচালনা করেছিলেন, তিনি বলেন, “শারীরিক কার্যকলাপের আমাদের রোগপ্রতিরোধ ব্যবস্থার ওপরও শক্তিশালী প্রভাব রয়েছে।”

কেসিএল-এর আরেকটি গবেষণায় অত্যন্ত সক্রিয় বয়স্ক সাইক্লিস্টদের পর্যবেক্ষণ করে দেখা গেছে, তাদের রোগপ্রতিরোধ ব্যবস্থা ছিল তরুণদের মতো, কিছু ক্ষেত্রে যা ২০-এর কোঠার মানুষের সঙ্গে মিলে যায়।

এলিজাবেথ ডেভিস একটি জিমের ফিটনেস ব্লকের উপর বসে আছেন। জিমটির ইটের দেয়াল উন্মুক্ত এবং ছবির কিনারায় ওজন তোলার সরঞ্জাম দেখা যাচ্ছে। তিনি ব্লকটির উপর এক পা আড়াআড়ি করে রেখেছেন এবং অন্য পা-টি ঝুলিয়ে রেখেছেন। তিনি হাসছেন এবং গাঢ় রঙের লেগিংস ও জুতো পরে আছেন। তার টি-শার্টে লেখা আছে- ‘ট্রেইনিং ফর ইয়োর ওল্ড লেডি বডি’। তার কাঁধ পর্যন্ত লম্বা বাদামী চুল রয়েছে।

ছবির উৎস, Ella Cuchet

উরুকে কীভাবে আরও শক্তিশালী করা যায়?

ফিটনেস কোচ এলিজাবেথ ডেভিস একমত যে, দীর্ঘায়ুর জন্য মানুষের উচিত পেশিশক্তি বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া, উরুর নির্দিষ্ট আকার পরিবর্তনের দিকে নয়।

‘ট্রেইনিং ফর ইয়োর ওল্ড লেডি বডি’- বইয়ের লেখক ডেভিস বলেন, “আপনি যদি বহু বছর ধরে ভেবে থাকেন যে আপনার উরু আরও সরু, আরও বড় বা অন্যরকম দেখতে হওয়া উচিত ছিল, তাহলে এখন সেই মানসিকতা থেকে বেরিয়ে আসার সময়। বরং আপনার উরু কী করতে পারে, সেদিকে মনোযোগ দিন।”

তিনি জোর দিয়ে বলেন, চিকন বা মোটা যেকোনো উরুই শক্তিশালী হতে পারে।

আকারের বদলে শক্তির ওপর মনোযোগ দেওয়ার বিষয়টি বিজ্ঞানের সমর্থনও পেয়েছে।

২০০৬ সালে সত্তরের কোঠার প্রাপ্তবয়স্কদের ওপর করা এক গবেষণায় দেখা যায়, কেবল ছোট পেশি থাকার চেয়ে দুর্বল পায়ের পেশি গবেষণাকালে মৃত্যুর আরও শক্তিশালী পূর্বাভাস দিয়েছে।

আপনি যদি উরুর শক্তি বাড়াতে চান, তাহলে রেজিস্ট্যান্স ট্রেনিংই সবচেয়ে কার্যকর পদ্ধতি বলে মনে করেন ডেভিস।

ওজন তুলে ব্যায়াম করার আরেকটি সুবিধা হলো এটি হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে। অস্টিওপোরোসিস এমন একটি অবস্থা, যেখানে হাড় দুর্বল হয়ে পড়ে এবং সহজে ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে।

ডেভিসের পরামর্শ, সপ্তাহে দুই বা তিন দিন পায়ের ব্যায়াম দিয়ে শুরু করা ভালো।

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের বর্তমান অবস্থান থেকে শুরু করা এবং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চ্যালেঞ্জ বাড়ানো।”

ওজন নিয়ে ব্যায়াম হয়তো আপনার সবচেয়ে প্রিয় ব্যায়াম নয়, কিন্তু তিনি তার ক্লায়েন্টদের এটিকে দৈনন্দিন রুটিনের অনিবার্য অংশ হিসেবে ভাবতে উৎসাহিত করেন।

তিনি বলেন, “দাঁতের ফ্লস ব্যবহার করতে আমি খুব পছন্দ করি না, কিন্তু মুখের স্বাস্থ্য ভালো রাখতে হবে বলে আমি এটা করি।”

ডেভিস আরও বলেন, আমাদের সেই ছোট ছোট বিষয়গুলোর কথাও ভাবা উচিত “যেগুলো শক্তিবর্ধক ব্যায়ামকে উপভোগ্য করে তোলে, কারণ আমরা এর বাস্তব উপকারিতা অনুভব করি।”

“আমি প্রায়ই শুনি, ‘আমি আমার নাতি বা নাতনিকে কোলে তুলে ১০০ মিটার হাঁটলাম, আর সেটা খুব সহজ ছিল… আমি কম্পোস্টের বস্তা গাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে কোনো সমস্যাই ছাড়াই বুটে তুলতে পেরেছি’।”

দুই হাতে ও একটি পা দিয়ে মাটি স্পর্শ করে এবং একটি পা ওপরে তুলে ব্যয়াম করছেন একজন নারী

ছবির উৎস, Getty Images

উরুর চর্বির কি কোনো সুবিধা আছে?

স্টিভসের মতে, শরীরের অন্যান্য অংশের চর্বির তুলনায় উরুর চর্বি ততটা ক্ষতিকর নয়, বিশেষ করে পেটের চারপাশের চর্বির তুলনায়, যা বিশেষভাবে সমস্যাজনক হতে পারে।

অঙ্গপ্রত্যঙ্গের চারপাশের চর্বি, যাকে ভিসেরাল ফ্যাট বলা হয়, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং বিপাকীয় অকার্যকারিতার সঙ্গে সম্পর্কিত সমস্যা এমএএসএইচ-এর উচ্চ ঝুঁকির সঙ্গে যুক্ত। এই অবস্থার কারণে যকৃত বিকল হওয়া এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।

গবেষণায় দেখা গেছে, শরীরের নিচের অংশের চর্বি কিছু ক্ষেত্রে সুরক্ষামূলক ভূমিকা পালন করতে পারে, কারণ এই অঞ্চলের চর্বি কোষ ক্ষতিকর ফ্যাটি অ্যাসিডকে আটকে রাখতে সক্ষম।

এর ফলে শরীরের নিচের অংশের চর্বি এলডিএল বা তথাকথিত ‘খারাপ’ কোলেস্টেরল কমাতে, এইচডিএল বা ‘ভালো’ কোলেস্টেরল বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে।

চর্বি জরুরি শক্তির মজুত হিসেবেও কাজ করে, বিশেষ করে অসুস্থতার সময়, যা বয়স্কদের জন্য বিশেষভাবে উপকারী।

উরুর আরেকটি প্রধান টিস্যু হলো হাড়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সারকোপেনিয়া নামের একটি অবস্থার কারণে আমাদের পেশির ভর ও শক্তি কমে যেতে পারে।

সারকোপেনিয়া অস্টিওপোরোসিসকে ত্বরান্বিত করে, যার ফলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় ভঙ্গুর হয়ে পড়ে।

তাই শক্তিশালী হাড় থাকা, যা রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের মাধ্যমে গড়ে তোলা সম্ভব, বার্ধক্যের ক্ষেত্রে উপকারী বলেই মনে করেন স্টিভস।

একজন পুরুষের উরুর পেছনের অংশের ক্লোজ-আপ ছবি। তিনি হাত দিয়ে নিজের উরুর পেছনের অংশ ধরে আছেন। তিনি বাইরে আছেন এবং পটভূমিতে ঝাপসা গাছ দেখা যাচ্ছে। তাঁর পরনে ধূসর শর্টস, একটি নীল টি-শার্ট এবং একটি স্মার্ট ঘড়ি রয়েছে।

ছবির উৎস, Getty

নিজের শক্তিকে উদযাপন করুন

উরুকে আরো কীভাবে শক্তিশালী করা যায় – সে দিকে মনোযোগ দেওয়া থম্পসনকে এখন নতুনভাবে ভাবতে সাহায্য করেছে।

‘ব্ল্যাক গার্ল ডু রান ইউকে’- কমিউনিটির প্রতিষ্ঠাতা থম্পসন বলেন, কন্যাসন্তান হওয়ার পর তিনি উরু সম্পর্কে ব্যবহৃত ভাষাও বদলে ফেলেছেন।

“এগুলোকে মোটা বা বড় বলার বদলে আমি শক্তিশালী বলি।”

আল্ট্রা ম্যারাথন দৌড়ানো এবং ট্রায়াথলন সম্পন্ন করা থম্পসন বলেন, “আমরা সবাই ভিন্ন ভিন্ন গড়ন ও আকার নিয়ে জন্মাই… আসল বিষয় হলো আপনার শরীর কী করতে পারে, তা; দেখতে কেমন, তা নয়।”