Source : BBC NEWS
Getty Images
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে। দেশটির নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চে বিপুল বিজয়ের মাধ্যমে নেপালের ক্ষমতায় আসার পর এটিই ভারতে তার প্রথম দ্বিপক্ষীয় সফর। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল।
র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ৩৬ বছর বয়সী শাহ দুই দিনের সফরে রোববার দিল্লিতে পৌঁছাবেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং অগাস্টে নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে সহায়তার প্যাকেজসহ বিভিন্ন বিস্তৃত বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
হিমালয় অঞ্চলের দেশটিতে ওই দুর্যোগে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন। এখনো হাজারো মানুষ নিখোঁজ এবং তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা মূলত উন্মুক্ত।
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল একটি কৌশলগত বাফার রাষ্ট্র। বিশ্লেষকরা মনে করেন, দেশটির স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে।
তবে কয়েক দশক ধরে সীমান্ত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির প্রভাবশালী ‘বড় ভাই’ সুলভ মনোভাব নিয়ে নেপালের অনেকের অসন্তোষের কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
তারপরও বিশ্লেষকেরা শাহের এই সফরকে সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ হিসেবে দেখছেন।
Getty Images
নেপালে ভারতের সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বিবিসিকে বলেন, “নেপালের নতুন নেতৃত্ব বলছে, অতীতের রাজনৈতিক বোঝা তাদের নেই এবং তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বের দিকে মনোযোগ দিতে চায়”।
তিনি আরও বলেন, “তাদের আরও বাস্তববাদী এবং কম মতাদর্শ নির্ভর বলে মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এটি আশাবাদী হওয়ার মতো একটি মুহূর্ত”।
২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে তিনটি রাজনৈতিক দল দেশটির শাসনব্যবস্থায় প্রাধান্য বিস্তার করেছে।
দিল্লি এসব দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। দলগুলো হলো কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী সেন্টার)।
মতাদর্শগত সম্পর্কের কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ বলে মনে করা হতো। দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে অসম মনে করে তারা প্রায়ই দিল্লির সমালোচনা করত।
নেপালের কৌশলগত অবস্থানের কারণে দিল্লি ও বেইজিং—উভয়ই কাঠমান্ডুতে নিজেদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। এর ফলে এশিয়ার দুই বৃহৎ শক্তির বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।
তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক কেবল কূটনীতি ও কৌশলগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয়।
হিন্দু সংখ্যাগরিষ্ঠ দুই দেশের মধ্যে গভীর সামাজিক সম্পর্ক রয়েছে। সীমান্তের দুই পাশে অনেক পরিবারের বসবাস এবং দুই দেশের মানুষের মধ্যে প্রতিদিনই যোগাযোগ হয়।
দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি। তবে তা ব্যাপকভাবে ভারতের অনুকূলে, যা দীর্ঘদিন ধরে কাঠমান্ডুর অসন্তোষের একটি কারণ।
নেপালের পেট্রোলিয়ামজাত পণ্য ও বেশ কয়েকটি খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারীও ভারত। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নেপালের বাণিজ্যের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।
Getty Images
দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জলবিদ্যুৎ। নেপাল থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত। ভবিষ্যতে এই আমদানি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
রণজিৎ রায় বলেন, “ভারতে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। অন্যদিকে নেপালের পানিসম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। এটি শুধু দ্বিপক্ষীয় সহযোগিতা নয়, নেপাল ভারত হয়ে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করে।”
২০১৫ সালের ভূমিকম্প এবং চলতি বছরের আগস্টের আকস্মিক বন্যাসহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে নেপালকে সহায়তা করা প্রথম দেশগুলোর মধ্যে প্রায়ই ভারত থাকে।
এ ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ও নেপালের মধ্যে মতপার্থক্য রয়েছে।
২০১৯ সালে ভারতের প্রকাশিত একটি মানচিত্রে চীনের সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের এমন কিছু এলাকা ভারতের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়, যেগুলোর ওপর নেপালের দাবি রয়েছে। এতে নেপাল ক্ষুব্ধ হয়। ওই ঘটনার পর অঞ্চলটি নিয়ে কাঠমান্ডুতে সচেতনতা আরও বেড়ে যায়।
নেপাল নিজস্ব একটি মানচিত্র প্রকাশ করার পর কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়। ওই মানচিত্রেও বিতর্কিত এলাকাগুলো অন্তর্ভুক্ত করা হয়।
নেপালের অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত বিবিসিকে বলেন, “আমি আশা করি, নেপালের প্রধানমন্ত্রী এবার দিল্লির সঙ্গে সীমান্ত ইস্যুটি উত্থাপন করবেন। তাৎক্ষণিকভাবে সমাধান না হলেও বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা শুরু করা উচিত”।
নেপাল দীর্ঘদিন ধরে ভারতকে আরও কিছু আকাশপথে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। এর ফলে বড় উড়োজাহাজগুলো পশ্চিম দিক থেকে নেপালের নতুন বিমানবন্দরগুলোতে আসতে পারবে।
বিমানবন্দর দুটি হলো বৌদ্ধদের পবিত্র স্থান লুম্বিনীর কাছে অবস্থিত ভৈরহাওয়া বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র পোখারা বিমানবন্দর।
Getty Images
ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে কম দূরত্বে ও কম খরচে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে। একই সঙ্গে ফ্লাইটের সংখ্যা বাড়লে বিমানবন্দরগুলো বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে উঠবে।
নেপালের কেউ কেউ মনে করেন, চীনের নর্থওয়েস্ট সিভিল এভিয়েশন এয়ারপোর্ট নির্মাণ প্রতিষ্ঠান গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরটি নির্মাণ করেছে এবং পোখারা বিমানবন্দরটি চীনের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে- এই বিষয়টি নিয়ে দিল্লি উদ্বিগ্ন।
শাহ এখনো বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো দৃশ্যমান উদ্যোগ নেননি। তবে ভারত সফরের আগে ১৫ই নভেম্বর থেকে ১১ দিনের সফরে চীনে ২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি। একে নেপালের দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
শাহ ক্ষমতা গ্রহণের প্রথম বছরে বিদেশ সফর না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা তার সেই পরিকল্পনা বদলে দিয়েছে।
তার সরকারের হিসাব অনুযায়ী, পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার ব্যয় হবে। তবে এ পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা প্রত্যাশার তুলনায় কম।
কিন্তু নেপালের কিছু পর্যবেক্ষক মনে করেন, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এই সফরের প্রস্তুতি নিতে শাহ যথেষ্ট মনোযোগ দেননি।
কনক মণি দীক্ষিত বলেন, “প্রধানমন্ত্রী শাহ ও তার উপদেষ্টারা তরুণ এবং নতুন। তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। শাসন পরিচালনায় তারা বারবার এমন এক ধরনের গাম্ভীর্য ও বিচক্ষণতার অভাব দেখিয়েছেন, যা অত্যন্ত শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে কূটনীতির জন্য অপরিহার্য”।
প্রধানমন্ত্রী শাহ ইতিমধ্যে তার সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যে রয়েছে পুলিশপ্রধান দান বাহাদুরকে পদ থেকে সরিয়ে দেওয়া। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোয় তাকে সরানো হয়।
কিছু সংবাদমাধ্যমের কার্যালয়ে সাংবাদিকদের আটক করতে পুলিশ পাঠানো হয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ উঠেছে।
ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকলেও শাহের জন্য প্রকৃত পরীক্ষা হবে দেশে ফিরে আসার সময় কতটা ফল তিনি নিয়ে আসেন।
দিল্লির কাছ থেকে আর্থিক সহায়তার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারলে তা কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে তা দেশে তার সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা সমালোচনার চাপও কমাতে সাহায্য করতে পারে।




