Source : BBC NEWS
Getty Images
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে নভেম্বর মাস এলেই নতুন করে সামনে আসে ‘নভেম্বর রেইন’। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কেউ নিজের ছবির ক্যাপশনে জুড়ে দেন এই গানের কথা, কেউ-বা এটিকে রিলসের আবহসংগীত হিসেবে বেছে নেন।
মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেসের ‘নভেম্বর রেইন’ ঘিরে এই উন্মাদনা নতুন নয়। তিন দশকেরও বেশি আগে গানটি যখন প্রকাশ হয়, তখনও এটি ব্যাপক সাড়া ফেলেছিলো।
সার্থকতা এখানেই যে এত বছর পরও প্রায় নয় মিনিটের এই গানের আবেদন ফুরিয়ে যায়নি।
পিয়ানোর সুর দিয়ে শুরু। এরপর অ্যাক্সল রোজের আবেগময় কণ্ঠ। ধীরে ধীরে যুক্ত হয় অর্কেস্ট্রার সুর। আর গিটারিস্ট স্ল্যাশের দীর্ঘ গিটার গানটিকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়।
প্রেম, সম্পর্কের অনিশ্চয়তা, বিচ্ছেদের আশঙ্কা এবং হারানোর বেদনা নিয়ে তৈরি ‘নভেম্বর রেইন’ শুধু একটি জনপ্রিয় রক গানই নয়, এর সৃষ্টির পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস।
গানটি তৈরি করতে দীর্ঘ সময় নিয়েছিলেন ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী অ্যাক্সল রোজ। নব্বইয়ের দশকে প্রকাশিত হয় এর মিউজিক ভিডিও, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রকাশের তিন দশকেরও বেশি সময় পরও গানটির জনপ্রিয়তা কতটা অটুট, তার প্রমাণ মেলে ইউটিউবেও। ১৬ বছর আগে গানস এন রোজেসের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় আড়াই বিলিয়ন বা ২৫০ কোটি বার।
কিন্তু ‘নভেম্বর রেইন’ গান তৈরির পেছনের গল্প কী? আর গানটি কেন আজও এত প্রাসঙ্গিক?
Pictorial Press Ltd/Alamy
যে গানের শুরু আশির দশকে
‘নভেম্বর রেইন’ প্রথম শ্রোতাদের সামনে আসে ১৯৯১ সালের ১৭ই সেপ্টেম্বর, গানস এন রোজেসের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান’-এর মাধ্যমে।
পরে ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে অ্যালবামটির তৃতীয় সিঙ্গেল হিসেবে গানটি প্রকাশ করা হয়।
তবে গানটির ইতিহাস আরও পুরোনো। সংগীতবিষয়ক প্রকাশনা ইউডিসকভার মিউজিকের তথ্য অনুযায়ী, আশির দশকের গোড়া থেকেই গানটি নিয়ে কাজ করছিলেন অ্যাক্সল রোজ।
গানস এন রোজেসের শুরুর দিকের সদস্য ট্রেসি গানস স্মৃতিচারণায় জানিয়েছেন, ১৯৮৩ সালের দিকেই পিয়ানোয় ‘নভেম্বর রেইন’ বাজাতেন অ্যাক্সল রোজ।
তখনো গানটি সম্পূর্ণ হয়নি। তাই সুযোগ পেলেই পিয়ানোয় বসে সুরটি বাজাতেন তিনি।
ট্রেসি গানসের ভাষ্য অনুযায়ী, “রোজ বিশ্বাস করতো, এই গানটি একদিন অসাধারণ কিছু হয়ে উঠবে। ও এই সিদ্ধান্তে অনড় ছিল যে সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে।”
কিন্তু সেটি কীভাবে শেষ করবেন, তা তখনো বুঝে উঠতে পারছিলেন না অ্যাক্সল রোজ।
অর্থাৎ, গানস এন রোজেস বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ারও অনেক আগে ‘নভেম্বর রেইন’ নিয়ে ভাবতে শুরু করেছিলেন তিনি।
Rex Features
রোজেসের উত্থান, ‘নভেম্বর রেইন’-এর অপেক্ষা
এখন যে অ্যাক্সল রোজের কথা বলছি, তার আসল নাম উইলিয়াম ব্রুস রোজ। ১৯৬২ সালের ছয়ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েতে জন্মগ্রহণ করেন।
শৈশবে তিনি যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হন। স্কুলেও তিনি ছিলেন অনেকটা একঘরে। তবে গির্জার সংগীতদলে গান গেয়ে মানসিক শান্তি খুঁজে পেতেন তিনি। এরপর ১৭ বছর বয়সে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন অ্যাক্সল রোজ।
পরে স্কুলজীবনের বন্ধু ইজি স্ট্র্যাডলিনকে নিয়ে একটি ব্যান্ড গঠন করেন তিনি। ব্যান্ডটির নাম কয়েক দফায় পরিবর্তিত হয়। প্রথমে রোজ, পরে হলিউড রোজ এবং এলএ গানস নাম ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত গিটারিস্ট স্ল্যাশ, বেজ গিটারিস্ট ডাফ ম্যাককাগান এবং ড্রামার স্টিভেন অ্যাডলারকে নিয়ে ব্যান্ডটির সদস্য চূড়ান্ত হয়। স্ল্যাশের আসল নাম সল হাডসন।
লস অ্যাঞ্জেলেসের ট্রুবাডোরে প্রথমবারের মতো সরাসরি সংগীত পরিবেশন করে ব্যান্ডটি।
সেই অনুষ্ঠানের প্রচারে লেখা ছিল, ‘অ্যা রক এন রোল ব্যাশ হোয়্যার এভরিওয়ানস স্ম্যাশড’। অর্থাৎ, ‘এমন এক রক অ্যান্ড রোল আয়োজন, যেখানে সবাই মাতাল।’
এরপর ধীরে ধীরে গানের জগতে নিজেদের স্বতন্ত্র সংগীতধারা গড়ে তোলে ব্যান্ডটি।
ব্যান্ডটির প্রথম স্টুডিও অ্যালবাম ‘অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন’, যা আশির দশকের শেষদিকে এসে প্রকাশিত হয় এবং এটিই তাদেরকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
অথচ এই অ্যালবাম প্রকাশেরও আগে ‘নভেম্বর রেইন’ গানটির প্রাথমিক সংস্করণ তৈরি হয়েছিল।
ইউডিসকভার মিউজিকের তথ্য অনুযায়ী, ‘অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন’-এর রেকর্ডিংয়ের সময় ‘নভেম্বর রেইন’ গানটি রেকর্ড করার চেষ্টা হয়েছিল।
Bill Turnbull/NY Daily News Archive via Getty Images
সে সময় প্রায় ১০ মিনিটের একটি পিয়ানো ডেমোও তৈরি হয়। এমনকি অ্যালবামটির সম্ভাব্য প্রযোজক ম্যানি চার্লটনকেও গানটি শুনিয়েছিলেন অ্যাক্সল রোজ। কিন্তু রোজের পরিকল্পনা ছিল ভিন্ন। চার্লটনকে তিনি জানিয়েছিলেন, গানটি দ্বিতীয় অ্যালবামের জন্য রাখা হয়েছে।
এরপরও ‘নভেম্বর রেইন’ নিয়ে কাজ চালিয়ে যান রোজ। বিভিন্ন সময়ে গানটির একাধিক সংস্করণ তৈরি হয়। এমনকি একটি সংস্করণ ১৮ মিনিট দীর্ঘ ছিল বলেও প্রচলিত রয়েছে।
এদিকে, প্রথম অ্যালবাম প্রকাশের পর বিভিন্ন সংগীত সফরে ব্যস্ত হয়ে পড়ে ব্যান্ডটি এবং পরবর্তী অ্যালবাম প্রকাশের নির্ধারিত সময়সীমা কয়েকবার পার করে ব্যান্ডটি।
এর মাঝে অ্যালবামের শেষ গান ‘ওয়ান ইন আ মিলিয়ন’ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অ্যাক্সল রোজ। গানটিতে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী শব্দ ব্যবহার করা হয়েছিল।
ব্যান্ডের সদস্যদের আচরণও বারবার সংবাদের শিরোনাম হতে থাকে। বিমানে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগ ওঠে ইজি স্ট্র্যাডলিনের বিরুদ্ধে। অন্যদিকে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের সরাসরি সম্প্রচারে অশালীন ভাষা ব্যবহার করেন স্ল্যাশ।
শেষ পর্যন্ত ১৯৯১ সালের শেষ দিকে প্রকাশিত হয় তাদের বিশাল আয়োজনের দু’টি অ্যালবাম ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান’ ও ‘ইউজ ইয়োর ইলিউশন টু’।
‘নভেম্বর রেইন’ গানটি ছিল ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান’-এ।
তবে যে ধরনের সংগীতের অতিরঞ্জন থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়ে ব্যান্ডটি যাত্রা শুরু করেছিল, একপর্যায়ে তারা নিজেরাই যেন সেই ধারায় জড়িয়ে পড়ে। দীর্ঘ গান, গিটার সোলোতে দক্ষতা প্রদর্শনের বাড়াবাড়ি এবং ‘নভেম্বর রেইন’-এর প্রায় নয় মিনিটের মিউজিক ভিডিও ছিল এর উদাহরণ। এক সাক্ষাৎকারে স্ল্যাশকে ‘নভেম্বর রেইন’-এর মিউজিক ভিডিওর গল্প ব্যাখ্যা করতে বলা হলে তিনি বলেন, “জানো কী? সত্যি বলতে, আমার কোনো ধারণাই নেই।”
Getty Images
একতরফা ভালোবাসা থেকে যে গানের জন্ম
‘নভেম্বর রেইন’ গানটি আসলে কী নিয়ে লেখা, তা নিয়ে শ্রোতাদের মধ্যে নানা ব্যাখ্যা রয়েছে।
তবে অ্যাক্সল রোজ নিজেই এক সাক্ষাৎকারে গানটির পেছনের গল্প জানিয়েছিলেন।
১৯৯১ সালের ২৭শে নভেম্বর মার্কিন রেডিও অনুষ্ঠান ‘রকলাইন’-এ এক শ্রোতার প্রশ্নের জবাবে রোজ বলেন, ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে না পারার কষ্ট থেকেই গানটির জন্ম।
সেই শ্রোতা জানতে চেয়েছিলেন, ‘নভেম্বর রেইন’ গানটি কীভাবে তৈরি হয়েছিল?
উত্তরে তিনি বলেন, “অনেক বছর আগে গানটি লেখা শুরু করার সময়ই বুঝেছিলাম, আমার মাথায় যেভাবে গানটি বাজছিল, ঠিক সেভাবে তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে…গানটির জন্ম একটি সম্পর্ক থেকে এবং সেই সম্পর্কে আমার অনুভূতি থেকে।”
“মানুষটিকে আমি সত্যিই খুব ভালোবাসতাম। তার সঙ্গে থাকতে না পারার অনুভূতি আমাকে ইন্ডিয়ানার কথা মনে করিয়ে দিত। নভেম্বরের বৃষ্টিতে হাঁটা, গাছে জমে থাকা বরফ দেখা, এসব দৃশ্য যেন সেই সময়ের অনুভূতির সঙ্গে মিলে যেত,” বলেন তিনি।
আরেকটি পৃথক সাক্ষাৎকারে রোজ বলেন, ‘নভেম্বর রেইন’ এমন একটি গান, যার মূল কথা হলো, কেউ একতরফা ভালোবাসার মধ্যে আটকে থাকতে চায় না।
গানটি নিয়ে তাঁর এই বক্তব্য তুলে ধরেছে সংগীতবিষয়ক ওয়েবসাইট মিউজিকরাডার। সেখানে বলা হয়েছে, ‘নভেম্বর রেইন’ ও ‘এস্ট্রেঞ্জড’ দুটি গানই ভালোবাসা নিয়ে লেখা হলেও এগুলোতে ভালোবাসাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে।
Guns N’ Roses – November Rain/YouTube
বিয়ে, বৃষ্টি আর মৃত্যু: ‘নভেম্বর রেইন’-এর ভিডিও
‘নভেম্বর রেইন’ নিয়ে আলোচনার আরেকটি বড় কারণ এর মিউজিক ভিডিও। ১৯৯২ সালে প্রকাশিত প্রায় নয় মিনিটের ভিডিওটি পরিচালনা করেন ব্রিটিশ নির্মাতা অ্যান্ডি মোরাহান।
এমটিভির ‘হেডব্যাঙ্গার্স বল’ অনুষ্ঠানে প্রথম দেখানো হয় নভেম্বর রেইন-এর মিউজিক ভিডিওটি। পরে সেদিন রাতেই মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্সেও এটি প্রচারিত হয়।
ভিডিওতে একজন রক সংগীতশিল্পীর প্রেম, বিয়ে এবং পরবর্তী সময়ে প্রিয়জনকে হারানোর গল্প দেখানো হয়। সেখানে অ্যাক্সল রোজের বিপরীতে অভিনয় করেন তৎকালীন সুপারমডেল স্টেফানি সেমুর, সে সময় বাস্তব জীবনেও তাদের প্রেমের সম্পর্ক ছিল।
ভিডিওর শুরুতে দেখা যায়, গির্জায় আনন্দঘন পরিবেশে বিয়ে হচ্ছে নবদম্পতির। কনের পরনে সাদা পোশাক, যার সামনের অংশ ছোট আর পেছনের অংশ লম্বা।
কিন্তু বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বৃষ্টি শুরু হলে বদলে যায় দৃশ্যপট।
অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর দেখা যায়, কনের মৃত্যু হয়েছে। আনন্দমুখর বিয়ের আয়োজনের জায়গা নেয় শোক আর অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য। এর মধ্যে দর্শকদের নজর কাড়ে আরও কিছু দৃশ্য। যেমন, বিয়ের কেকের ওপর লম্বা চুলের এক ব্যক্তির মুখ থুবড়ে ঝাঁপ দেওয়া কিংবা নির্জন প্রান্তরে একটি গির্জার দাঁড়িয়ে স্ল্যাশের গিটার বাজানো।
সেইসময় দর্শকদের মাঝে এমন কিছু প্রশ্ন তৈরি হয়, যার উত্তর আজও স্পষ্ট নয়।
যেমন,এই ব্যক্তি বিয়ের কেকের ওপর ঝাঁপ দিলেন কেন? স্টেফানিকে কি তিনিই হত্যা করেছিলেন? কিংবা মরুভূমিতে স্ল্যাশ কী করছিলেন?
এদিকে, ভিডিওর একেবারে শেষদিকে রোজকে দুঃস্বপ্ন থেকে জেগে উঠতেও দেখা যায়। ফলে গল্পটির কিছু অংশ বাস্তব, নাকি স্বপ্ন বা স্মৃতি, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেখক ডেল জেমসের ‘উইদাউট ইউ’ ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ভিডিওটির গল্প তৈরি করা হয়েছিল এবং এই , ভিডিওটি তৈরি করতে তখন আনুমানিক ১৫ লাখ মার্কিন ডলার খরচ হয়েছিল।
Guns N’ Roses – November Rain/YouTube
তিন দশক পরও কেন এত জনপ্রিয়?
প্রকাশের তিন দশকের বেশি সময় পরও ‘নভেম্বর রেইন’-এর জনপ্রিয়তা শুধু নব্বইয়ের দশকেই সীমাবদ্ধ থাকেনি এবং তার প্রমাণ পাওয়া যায় ইউটিউবেই।
তবে এর প্রথম কারণ গানটির বিষয়বস্তু। কারণ ভালোবাসা, সম্পর্কের অনিশ্চয়তা, প্রিয়জনকে হারানোর অনুভূতি এমন, যা পুরোপুরিভাবে ভুলে থাকা যায় না।
পাশাপাশি, এর সংগীতায়োজনও নজরকাড়া ছিল। পিয়ানো দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে গিটার ও অর্কেস্ট্রার সংযোজনে গানটি যে নাটকীয় রূপ নেয়, তা প্রচলিত অনেক রক গান থেকে আলাদা।
সেইসাথে, গানটির মিউজিক ভিডিওতে প্রেম, বিয়ে, বৃষ্টি ও মৃত্যুর দৃশ্য গানটির সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে শ্রোতাদেরকে এটি শুধু শোনার না, দেখার অভিজ্ঞতাও দিয়েছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে ভিডিওটির নির্মাতারা বলেছেন, এই মিউজিক ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট রাখা হয়েছিল। ফলে দর্শকরা বারবার ভিডিওটি দেখে নিজেদের মতো করে গল্পের অর্থ খোঁজার সুযোগ পেয়েছেন।
অর্থাৎ, অ্যাক্সল রোজের ব্যক্তিগত অনুভূতি থেকে জন্ম নেওয়া ‘নভেম্বর রেইন’ সময়ের সঙ্গে হয়ে উঠেছে একাধিক প্রজন্মের অসংখ্য মানুষের নিজেদের ব্যক্তিগত অনুভূতির অংশ।




