Home LATEST NEWS BANGLA পত্রিকা: ‘গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে’

পত্রিকা: ‘গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে’

3
0

Source : BBC NEWS

পত্রিকা

পড়ার সময়: ৭ মিনিট

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন অব্যাহত থাকায় দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে কারখানা। এতে বিশ্ববাজারে নেতিবাচক বার্তা যাওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আন্দোলন হলেই কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকেরা। গতকাল অন্তত ১৪৭টি কারখানা বন্ধ ছিল।

শ্রমিক আন্দোলন শুরুর পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড ইতিমধ্যে দুটি বৈঠক করেছে এবং সোমবার মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মজুরি ঘোষণা না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, মজুরি নিয়ে অস্থিরতার আশঙ্কা তিন মাস আগে থেকেই থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া আন্দোলনে উসকানির অভিযোগে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করায় অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন। পরে যাচাই-বাছাই করে কিছু হিসাব খুলে দেওয়া হলেও এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পনার অভাব, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং শ্রমিকদের দাবির যথাযথ সমাধান না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। পোশাকশিল্পে অস্থিরতা দীর্ঘায়িত হলে উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও বড় সংকট তৈরি হতে পারে।

মানবজমিন
নিউ এইজ

নিউ এইজ পত্রিকার খবর – 98pc conviction in DMP summary trials অর্থাৎ ডিএমপির বিশেষ আদালতে ৯৮ শতাংশ আসামির সাজা, বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে পরিচালিত বিশেষ মহানগর হাকিম আদালতে বিচার হওয়া আসামিদের মধ্যে ৯৭.৯১ শতাংশের সাজা হয়েছে। তবে পুলিশ কার্যালয়ে সীমিত পরিসরে এসব বিচার কার্যক্রম পরিচালনা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনজ্ঞরা।

ডিএমপির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আটটি বিশেষ মহানগর হাকিম আদালত ৭২ হাজার ৭৪৪টি মামলার নিষ্পত্তি করেছে। এ সময়ে আটক ১ লাখ ৩৪ হাজার ১২০ জনের মধ্যে ৭৩ হাজার ৮২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন মাত্র ২ হাজার ৭৯৯ জন। এসব মামলায় মোট ৩ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা এবং ৩০ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ নিলাম বা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ জানুয়ারি ডিএমপির আটটি অপরাধ বিভাগে এসব বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। মূলত দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে, এমন ছোটখাটো অপরাধের দ্রুত বিচার করতে আদালতগুলো গঠন করা হয়। এর মধ্যে রয়েছে সাধারণ আঘাত, চুরি, পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পত্তি আত্মসাৎ, অনধিকার প্রবেশ, সম্পত্তির ক্ষতিসাধন ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন।

তবে আদালতের বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন আইনজ্ঞ। তাঁদের মতে, পুলিশ কার্যালয়ে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত রেখে বিচার পরিচালনা করলে স্বচ্ছতা ও ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে। এতে অনিয়ম, চাপ প্রয়োগ ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের সুযোগ তৈরি হয়।

এ ছাড়া আইনজীবীর সহায়তা পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং রায়ের সত্যায়িত অনুলিপি পেতে বিলম্বের কারণে দণ্ডিত ব্যক্তিদের আপিলের অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

বণিক বার্তা

মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়াতেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের বিষয়।

শেখ হাসিনার আইনি সুযোগ পাওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই।

আইনমন্ত্রী আরও বলেন, ১৯৭৩ সালে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে আনা সংশোধনী অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিরা মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি শেখ হাসিনার বাবার আমলে করা আইন।

প্রথম আলো

বিশৃঙ্খলা ও নিরাপত্তার কারণ দেখিয়ে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। ইতিমধ্যে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা বন্ধ হয়েছে। বন্ধের আশঙ্কায় রয়েছে আরও ৯২টি কারখানা।

শ্রমিকনেতাদের অভিযোগ, অনেক শ্রমিক কাজ করতে চাইলেও নিরাপত্তার অজুহাতে কারখানা বন্ধ রেখেছেন মালিকেরা। তাঁদের মতে, এ ক্ষেত্রে শ্রমিকদের মজুরি না দেওয়া বেআইনি এবং এতে শ্রমিক অসন্তোষ আরও বাড়তে পারে।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

যুগান্তর

জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর নতুন বহু বছর মেয়াদি সরকারি অর্থায়নের প্রতিশ্রুতি প্রায় ৭১ শতাংশ কমেছে। কার্বন ব্রিফের বিশ্লেষণ অনুযায়ী, বছরে ৪০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলারে। এতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতিতে তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনে বাংলাদেশ সবুজ জ্বালানিতে রূপান্তরের জন্য অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছে। পাশাপাশি কার্বন বাজারে অংশগ্রহণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও হিমবাহ গলে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগেও যুক্ত হয়েছে বাংলাদেশ।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- GDP growth overstated by up to 1.3 points since FY15 অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ১.৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে

সরকারের গঠিত একটি প্যানেলের নিরীক্ষায় উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে। উৎপাদন খাতের অসংগত তথ্য, যাচাই না করা কর আদায়ের হিসাব এবং অবিশ্বস্ত প্রশাসনিক নথিকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরীক্ষায় প্রবৃদ্ধি বেশি দেখানোর সাতটি কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে কারখানার নিজস্ব দেওয়া উৎপাদন তথ্যের ওপর নির্ভরতা, শিল্প উৎপাদন নির্ধারণে কর আদায়ের তথ্য ব্যবহার, রপ্তানির পরিমাণ বাড়িয়ে দেখানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উৎপাদন তথ্য যাচাই না করা এবং নির্মাণ খাতের ত্রুটিপূর্ণ হিসাব। এ ছাড়া ক্ষুদ্র শিল্পের উৎপাদন অনুমান ও ভর্তুকির হিসাবেও ভুল পাওয়া গেছে।

সাত সদস্যের প্যানেল গতকাল ঢাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত চায়।

বিশেষজ্ঞরা বলছেন, এই নিরীক্ষার ফলাফল সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কারণ, জিডিপি প্রবৃদ্ধির ভুল হিসাব দেশের অর্থনৈতিক অগ্রাধিকার নির্ধারণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি করতে পারে।

নয়া দিগন্ত

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিজিএমইএ ও বিকেএমইএ। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।

শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে দুই সংগঠনের মতবিনিময় সভায় এক হাজারের বেশি কারখানার মালিক অংশ নেন।

বিজিএমইএ সভাপতি জানান, গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নিম্নতম মজুরিকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যা উৎপাদন ও রপ্তানি কার্যক্রমকে হুমকির মুখে ফেলেছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু শ্রমিক বহিরাগতদের উসকানিতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, অন্যদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন এবং দলবদ্ধভাবে বিভিন্ন কারখানায় গিয়ে হামলা ও শ্রমিকদের জোর করে বের করে দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন। তবে অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী বলে দাবি করেন তিনি।

সমকাল

দেশের বিভিন্ন রেলপথে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরঞ্জাম চুরি এবং নাশকতার ঘটনা বাড়ছে। রেলের অভ্যন্তরীণ প্রতিবেদনে গত তিন মাসে ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টের সরঞ্জাম খুলে নেওয়াসহ বিভিন্ন অপতৎপরতার চিত্র উঠে এসেছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ।

গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের ভাটিয়ারী স্টেশনের অডিটরি হোম ডাউন লাইনের সিগন্যালের গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট মেকানিজম খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রেলকর্মীরা নতুন মেকানিজম স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। তবে ওই দিন মেইল, লোকালসহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

এর আগে ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইমামবাড়ী স্টেশন এলাকায় রেললাইনের ট্র্যাক সার্কিট ও পয়েন্ট কেব্‌ল কেটে নেওয়ার ঘটনা ঘটে। পরে নতুন কেব্‌ল সংযোগ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ধরনের ঘটনায় সিগন্যাল ও ইন্টারলকিং ব্যবস্থা অকার্যকর হয়ে ট্রেন দুর্ঘটনা এবং যাত্রীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে।

রেলের পূর্বাঞ্চলের একাধিক প্রতিবেদনে এসব ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের প্রতিবেদন পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারের পাশাপাশি দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে।

দেশ রূপান্তর

দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গ্রাফ ঊর্ধ্বমুখী, বিপরীতে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয় খোলার দিকে নীতিনির্ধারকদের যতটা মনোযোগ, শিক্ষার মান বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে তার ছিটেফোঁটাও নেই। ফলে নানামুখী সংকটের বেড়াজালে আটকে পড়েছে উচ্চশিক্ষাব্যবস্থা।

শ্রেণিকক্ষ, গবেষণাগার, গবেষণা বাজেট, গ্রন্থাগার ও আবাসিক হলের সংকটের মধ্যে সবচেয়ে প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। শিক্ষক ছাড়া শিক্ষা যে সম্ভব নয়, তা যেন অনুধাবন করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২০ ধরা হলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এর চেয়ে অনেক পিছিয়ে। দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গড়ে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৪৩ জন।

অন্যদিকে, ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অনুপাত ১:২২। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপ্রতি শিক্ষার্থীর সংখ্যা আন্তর্জাতিক মানদণ্ডের দ্বিগুণেরও বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি প্রত্যাশিত মানের চেয়ে পিছিয়ে; তার ওপর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক খণ্ডকালীন।

টাইমস অফ বাংলাদেশ

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার খবর – Garment sector in a double bind অর্থাৎ দ্বৈত সংকটে পোশাকশিল্প

শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ এবং বন্ধের দিনগুলোর মজুরি না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা। নতুন নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চলার মধ্যেই শনিবার এ ঘোষণা আসে।

আশুলিয়া, সাভার ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় তিন লাখ শ্রমিক। এর মধ্যে ৫৫টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ইতিমধ্যে বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানাও শনিবার উৎপাদন চালাতে পারেনি।

উত্তরায় বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে এক হাজারের বেশি কারখানার মালিকের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়।

শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিকেরা কাজ করতে অস্বীকৃতি জানালে মালিকেরা কারখানা বন্ধ রাখতে পারেন এবং বন্ধের দিনগুলোর জন্য শ্রমিকেরা মজুরি পান না। তবে পরিস্থিতি বিবেচনায় কোন কারখানা বন্ধ হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। ফলে কতটি কারখানা শেষ পর্যন্ত বন্ধ থাকবে, তা এখনই নিশ্চিত নয়।