Home LATEST NEWS BANGLA পত্রিকা: ‘শিখা অনির্বাণ বন্ধ’

পত্রিকা: ‘শিখা অনির্বাণ বন্ধ’

2
0

Source : BBC NEWS

পত্রিকা

Published

পড়ার সময়: ৭ মিনিট

নিউ এইজের শিরোনাম ‘Shikha Anirban goes out’ অর্থাৎ ‘শিখা অনির্বাণ বন্ধ’।

খবরে বলা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অদম্য সাহস ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসেবে ঢাকা সেনানিবাসে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘শিখা অনির্বাণ’-এর শিখাটি জ্বালানো বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের মিতব্যয়িতা কর্মসূচির অংশ হিসেবে গত দোসরা মে থেকে এটি মূলত বন্ধ রাখা হয়েছে।

গত কয়েক দিন ধরে এই প্রতীকী শিখাটি নিভিয়ে রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

এক প্রশ্নের জবাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিউ এইজকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীলতা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বেশ কিছু মিতব্যয়িতা ও জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে।

এসব পদক্ষেপের অংশ হিসেবে গত দোসরা মে থেকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ আর অবিরাম জ্বালিয়ে রাখা হচ্ছে না বলে জানিয়েছে আইএসপিআর।

নিউ এইজ

খবরে বলা হচ্ছে, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একে জাতীয় অগ্রাধিকার আখ্যা দিয়ে সরকারপ্রধান বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তারেক রহমান বলেন, “রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদী নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা এসব সমস্যা সমাধানে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।”

সমকাল

খবরে বলা হচ্ছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি পরীক্ষার মাধ্যমে পুলিশের দুই হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) নিয়োগ শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না।

বিভিন্ন জেলায় শূন্য পদের বিপরীতে আবেদনকারী ও পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। পরীক্ষায় অংশগ্রহণকারীদের বড় অংশই পুলিশ বাহিনীর বর্তমান সদস্য, বিশেষ করে কনস্টেবল পদে কর্মরত।

এএসআই পদে ধারাবাহিক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার শরীয়তপুর জেলায় মাঠ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ১৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন ১৮৮ জন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৫৯ জন।

কুমিল্লা জেলায় আবেদন করেছিলেন ১ হাজর ৩৫৯ জন। বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৬২ জন। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন জেলায়ও প্রায় একই চিত্র দেখা গেছে।

বণিক বার্তা

খবরে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেলে নিচের দিকের ১১-২০তম গ্রেডে বেতন বাড়বে সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত। অন্যদিকে প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। পে-স্কেল বাস্তবায়নে দুই ধাপের মডেল নিয়ে কাজ করছে সরকার। পহেলা জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা আছে।

তবে প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় বাড়তি বেতন পেতে সরকারি চাকরিজীবীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিব কমিটির সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

নতুন পে-স্কেল কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতির প্রভাব এবং সরকারের আর্থিক সক্ষমতাকে। সে কারণে দুই ধাপে বাস্তবায়নের একটি প্রস্তাব গুরুত্ব পাচ্ছে।

যুগান্তর

‘আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ’ মানবজমিনের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ওইসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের বেড়িবাঁধ ভেঙে বামনডাঙ্গা ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জেলার পাঁচ উপজেলায় বীজতলা, পাট ও শাকসবজি সহ ২০৪ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার কালীগঞ্জ, পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রংপুরেও তিস্তার পানি বাড়ছে।

মানবজমিন

‘বাড়তি বিদ্যুৎ চেয়ে সংসদ সদস্য ও আরইবির চিঠি’ প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, গরমে বাড়তি লোডশেডিং নিয়ে বেশি ভোগান্তিতে আছেন গ্রামের মানুষ। বিশ্বকাপ খেলা দেখতে না পারায় বিভিন্ন জেলায় বিদ্যুৎ কার্যালয় ও স্থাপনায় হামলা করেছেন ক্ষুব্ধ মানুষ।

নিরাপত্তা শঙ্কায় সহায়তা চেয়ে থানাকে জানিয়েছে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বিদ্যুৎ সরবরাহ চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অন্তত চারজন সংসদ সদস্য। লোডশেডিং নিরসনে একই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডও (আরইবি)।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) তথ্য বলছে, গত জুন রাত আটটায় সারা দেশে লোডশেডিং হয়েছে ২ হাজার ৬৮৮ মেগাওয়াট। এর মধ্যে শুধু আরইবির অধীন লোডশেডিং হয়েছে দুই হাজার ৫৯২ মেগাওয়াট।

তার মানে ওই সময় বিদ্যুতের ঘাটতির ৯৬ শতাংশ ছিল গ্রামাঞ্চলে। অস্বাভাবিক লোডশেডিং নিরসনে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে গত রোববার চিঠি পাঠিয়েছে আরইবি।

প্রথম আলো

খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বিরোধী দল থেকে শুরু করে সমাজের বিভিন্ন পর্যায় থেকে কিছু বিষয়ে আপত্তি তোলা হচ্ছিল। এমন আলোচিত কিছু বিষয়ে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গতকাল সোমবার সংসদে পাস হয়েছে অর্থবিল -২০২৬।

অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বৈধ করার সুযোগ হিসেবে সমালোচিত ‘স্বপ্রণোদিত বিনিয়োগ প্ৰদৰ্শন’- সংক্রান্ত বিধানটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

ব্যক্তির করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি বিতর্কিত কয়েকটি প্রস্তাব প্রত্যাহার, বিভিন্ন খাতে কর-ভ্যাটে ছাড় এবং শিল্প- রপ্তানি ও পুঁজিবাজারকে উৎসাহিত করতে কিছু নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। প্রণোদনা দেওয়া হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর মাধ্যমে আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কর, শুল্ক ও ভ্যাট-সংক্রান্ত আইনি পরিবর্তনের পথ চূড়ান্ত হলো।

আজকের পত্রিকা

খবরে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। মাঠ পর্যায়ে প্রার্থীদের প্রচার জোরদার হওয়ার পাশাপাশি দলীয় সমর্থন, জোটের সমীকরণ এবং বিদ্রোহী প্রার্থীদের অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে—স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা আরো গতি পেয়েছে।

নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে, আগস্টে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পোস্টার, ব্যানার, ফেস্টুনে প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়াই নিজেদের মতো করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

কালের কণ্ঠ

খবরে বলা হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী’ অভিহিত করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, এবারের বাজেট সব শ্রেণি ও পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

গতকাল সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি প্রস্তাবিত বাজেট পাসের আগে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব দেন। এ ছাড়া আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতেও অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

সংসদ নেতা বলেন, জমি প্রকৃত মূল্যে নিবন্ধন না হওয়ার কারণে করদাতাদের হয়রানি কমাতেই এ বিধান আনা হয়েছিল। তবে অনেকেই এটিকে কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে দেখছেন। তাই প্রস্তাবিত এ বিধান প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

দেশ রূপান্তর

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনম ‘BB offers exit for loan defaulters’ অর্থাৎ ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের এক্সিট সুবিধা’।

খবরে বলা হচ্ছে, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে ও ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ এক্সিট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এই নীতিমালার আওতায় আর্থিক সংকটে পড়লেও যেসব ঋণগ্রহীতার ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে, তারা ঋণের মূল অর্থ এককালীন পরিশোধ করে দায় নিষ্পত্তির সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান, তারল্য ব্যবস্থাপনা ও নতুন ঋণ দেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে আগামী ৩০শে জুন পর্যন্ত ‘মন্দ’ ও ‘ক্ষতিজনক’ শ্রেণিতে থাকা ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন এবং ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ এক্সিট সুবিধা দেওয়া যাবে।

 দ্য ডেইলি স্টার

খবরে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার দাবি করেছেন, ইরান একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষ বৈঠকে বসতে যাচ্ছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এমন দাবি করেন।

তবে সোমবার এর ঠিক আগেই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে ভিন্ন তথ্য দিয়েছিলেন।

তিনি জানান যে, এই সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্রের সাথে কোনো ‘কারিগরি আলোচনা’ নির্ধারিত নেই। অবশ্য তিনি এ-ও যোগ করেন যে, মধ্যস্থতাকারীদের সাথে তাদের পরামর্শ ও আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া মতবিরোধ নিরসনে একমত হয়েছে।

নয়াদিগন্ত