Home LATEST NEWS BANGLA পত্রিকা: ‘সাদা পতাকার আড়ালে অশান্তির ছক!’

পত্রিকা: ‘সাদা পতাকার আড়ালে অশান্তির ছক!’

2
0

Source : BBC NEWS

পত্রিকা

Published

পড়ার সময়: ৮ মিনিট

দেশের বিভিন্ন স্থানে সাদা পতাকা ওড়ানোর আড়ালে অশান্তির ছক আঁকা হচ্ছে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। রাজধানী ঢাকার যানজট কমাতে কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া অর্থনীতি, অপরাধ, ফুটবল বিশ্বকাপসহ বিভিন্ন খবর রয়েছে ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে।

খবরে বলা হচ্ছে, গত কয়েক দিন দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ হাটবাজারসহ নানা স্থানে রহস্যজনকভাবে আরবি লেখা ‘সাদা পতাকা’ উড়তে দেখা গেছে।

এ নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। এর আড়ালে চরমপন্থি ও উগ্রবাদী সংগঠনগুলো নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠেছে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাদা পতাকার’ আড়ালে অশান্তির ছক আঁকা হচ্ছে। দেশের এজেন্টদের পাশাপাশি ভিনদেশি সংস্থার ইন্ধন রয়েছে। ওই প্রতিবেদনের আলোকে পুলিশের সবকটি ইউনিটকে বিশেষ চিঠি দিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

এদিকে পতাকার ইস্যুটি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।

বিষয়টি সরকারের নীতিনির্ধারক থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। এই ঘটনায় পুলিশ সদর দপ্তরে কয়েক দফা বৈঠক হয়েছে।

ইতিমধ্যে উদ্বেগ জানিয়ে গত শনিবার একটি গোয়েন্দা সংস্থা গোপন প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

দেশ রূপান্তর

খবরে বলা হচ্ছে, রাজধানী ঢাকার যানজট কমাতে কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

তবে এ শুল্ক সব সড়কে নয়, শুধু মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) কিংবা উন্নত বাস পরিষেবা সুবিধাসম্পন্ন সড়কে কার্যকর হবে।

যানজট শুল্ক আদায় করা হবে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাক থেকে।

বৃহত্তর ঢাকাকে ঘিরে ২০ বছরের জন্য (২০২৫-২০৪৫) প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (ইউআরএসটিপি) যানজট শুল্ক আরোপের এ সুপারিশ করা হয়েছে।

তবে এতে বলা হয়েছে, যানজট শুল্ক কার্যকরের আগে অবশ্যই বিকল্প হিসেবে নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বর্তমানে যানজট শুল্ক আরোপের উপযোগী একটি করিডোর রয়েছে ঢাকায়। সেটি হলো উত্তরা-মতিঝিল মেট্রোরেল করিডোর। চালু থাকা এ মেট্রোর বাইরে ঢাকায় বর্তমানে আরো দুটি মেট্রোরেল প্রকল্প চলমান। একই সঙ্গে পরিকল্পনাধীন আছে আরো তিনটি মেট্রোলাইন।

এ ছয় মেট্রো লাইনের সঙ্গে ঢাকায় নতুন আরো দুটি মেট্রোরেল এবং পাঁচটি মনোরেল লাইন নির্মাণের সুপারিশ করা হয়েছে ইউআরএসটিপিতে। বাস্তবায়িত হলে এসব প্রকল্পসংলগ্ন সড়কে যানজট শুল্ক আরোপ করা হতে পারে।

বণিক বার্তা

খবরে বলা হচ্ছে, এক মাসের বেশি সময় ধরে দেশে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় জোরেশোরে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ।

বছরের প্রথম ছয় মাসে হাসপাতালে যাওয়া ডেঙ্গু রোগীর ৪৮ শতাংশ‍ই ভর্তি হয়েছে জুন মাসে। অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু ঊর্ধ্বমুখী ।

এই পরিস্থিতিতে আগামী চার থেকে আট সপ্তাহের মধ্যে ভাইরাসসৃষ্ট এই জ্বরের প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে উঠবে বলে আশঙ্কা করছেন রোগতত্ত্ব এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাদের হিসাবে বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় জুন মাসে এসে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ দেখা গেছে। শুধু জুন মাসেই সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছে; যা বছরের মোট সংক্রমণের ৪৮ শতাংশ।

বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৫ জন; আর জুন মাসেই ১৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায় , রাজধানীর বাইরে ডেঙ্গুর সংক্রমণ বেশি।

আজকের পত্রিকা

খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পাস হয়েছে। করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা, কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার এবং কোম্পানি কর, ভ্যাট ও আয়কর ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী এনে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রেখেই বিএনপি সরকারের প্রথম বাজেট কণ্ঠভোটে অনুমোদিত হয়।

প্রায় তিন সপ্তাহের দীর্ঘ আলোচনা, ছাঁটাই প্রস্তাব ও রাজনৈতিক বিতর্ক শেষে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর অনুকূলে ব্যয় বরাদ্দ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১২ই জুন এই বাজেট সংসদে উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনার ধারাবাহিকতায় গত সোমবার অর্থ বিল, ২০২৬ সংশোধিত আকারে পাস হওয়ার পর গতকাল মঙ্গলবার নির্দিষ্টকরণ বিলের মাধ্যমে বাজেটের চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়।

নয়াদিগন্ত

‘সংসদে অনুপস্থিত এমপিদের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভ’ মানবজমিনের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, বাজেট অধিবেশনে মঙ্গলবার সকালের সেশনে অনুপস্থিত দলীয় সংসদ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সরকার দলীয় যেসব এমপি বাজেট পাসের দিন অনুপস্থিত ছিলেন তাদেরকে কারণ দর্শাতে হুইপদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অধিবেশন শেষে সংসদে তাঁর কার্যালয়ে হুইপ এবং অনুপস্থিত এমপিদের ডেকে নেন প্রধানমন্ত্রী।

তাদের কাছে অনুপস্থিতির জানতে চান প্রধানমন্ত্রী। একাধিক হুইপ এবং অনুপস্থিত সংসদ সদস্য বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল পৌনে ১০টায় যথা সময়ের আগেই সংসদে উপস্থিত হন। এবং বেলা ১১টায় জাতীয় সংসদে মুলতবি অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে সংসদ সদস্যদের সংসদে উপস্থিত থাকার নির্দেশনা ছিল আগেই। অথচ মুলতবি অধিবেশনে সকালের সেশনে সরকার দলীয় অনেক সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন।

মানবজমিন

খবরে বলা হচ্ছে, নব্বইয়ের দশকে ঢাকায় কিলিং মিশন বাস্তবায়ন, কোটি টাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি আর পাড়া-মহল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শীর্ষ সন্ত্রাসীরা। অনেকে আবার ভাড়াটে খুনি হিসাবেও কাজ করত।

সে সময় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ঢাকার কয়েকটি এলাকা। অপরাধজগতের সেই আধিপত্য গুঁড়িয়ে দিতে ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা ঘোষণা করে।

তাদের ধরতে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায়ও ওঠে অনেকের নাম।

ওই তালিকা প্রকাশের পরই আন্ডারওয়ার্ল্ডে ভয়ভীতি ছড়িয়ে পড়ে। তখন কেউ বিদেশে পাড়ি জমান, কেউবা পুলিশের গুলিতে প্রাণ হারান। আত্মগোপনেও চলে যান কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। তবে তাদের কার্যক্রম থেমে থাকেনি।

যুগান্তর

খবরে বলা হচ্ছে, বছরের পর বছর অপেক্ষার পরও মিলছে না গ্যাস সংযোগ। ডিমান্ড নোটের টাকা পরিশোধ করেও উৎপাদনে যেতে পারছে না সাড়ে পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান।

এতে গ্যাস সংযোগের দীর্ঘসূত্রতায় চরম সংকটে পড়েছে দেশের শিল্প খাত। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করে এরই মধ্যে ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে গ্যাস সংযোগের জন্য চার-পাঁচ বছর ধরে অপেক্ষায় রয়েছে শিল্পপ্রতিষ্ঠানগুলো।

দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও তারা পাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস সংযোগ। শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিনের এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা না গেলে দেশের শিল্পায়নের গতি আরো মন্থর হয়ে পড়বে এবং বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে।

দেশের বিভিন্ন গ্যাস বিতরণ কম্পানির কাছে শিল্প খাতে নতুন সংযোগের জন্য বর্তমানে এক হাজার ৮০০টিরও বেশি আবেদন জমা রয়েছে। কিন্তু গ্যাসসংকট ও নীতিগত সীমাবদ্ধতার কারণে বেশির ভাগ আবেদনই বছরের পর বছর ধরে ঝুলে আছে। এর ফলে নতুন কারখানা চালু করা সম্ভব হচ্ছে না।

কালের কণ্ঠ

খবরে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কাঠামোর মূল বেতন চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে কার্যকর হবে।

আর ভাতা কার্যকর হবে আগামী অর্থবছর (২০২৭-২৮) থেকে। শিগগিরই নতুন স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগস্ট থেকে নতুন কাঠামোর বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা, প্রশাসনিক আদেশ জারি, গেজেট প্রকাশ এবং প্রয়োজনীয় আইনি ও কারিগরি প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে। সে ক্ষেত্রে বকেয়াসহ পরিশোধ করা হবে।

গত ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নতুন অর্থবছরের শুরু থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন।

 সমকাল

‘জাপানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার’ প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা দূর করতে চায় বিএনপি সরকার।

এ কারণে জাপানি ঋণে মেট্রোরেলের দুটি প্রকল্পের (লাইন-১ ও ৫) প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বও জাপানকে দেওয়া হচ্ছে।

রাজধানীতে নতুন দুটি মেট্রোরেল প্রকল্পে জাপানি কোম্পানিগুলোর উচ্চ দর প্রস্তাবকে কেন্দ্র করে জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে টানাপোড়েন তৈরি হয়।

অন্তর্বর্তী সরকার এই দুই প্রকল্পের প্রক্রিয়াগত কাজ স্থগিত রাখে। বিএনপি সরকার প্রক্রিয়া এগিয়ে নেবে। তবে ব্যয় কমানোর বিষয়ে দর-কষাকষিও চালিয়ে যাবে। এ জন্য সাত সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

প্রথম আলো

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘Roadmap seeks lasting cure for toxic loans’ অর্থাৎ ‘খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ’।

খবরে বলা হচ্ছে, দেশের বাড়তে থাকা খেলাপি ঋণ মোকাবিলায় বিস্তৃত মধ্যমেয়াদি রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকখাতে আস্থা ফেরানোর লক্ষ্যে কঠোর তদারকি, ঋণের অর্থ দ্রুত পুনরুদ্ধার, আইনি সংস্কার এবং আন্তর্জাতিক ঋণ-ক্ষতি নির্ধারণ মানদণ্ডে রূপান্তরের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এতে।

কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর মো. মোশতাকুর রহমান ১৮ মাস মেয়াদী রোডম্যাপ ঘোষণা করেন।

তিনি বলেন, খেলাপি ঋণের উচ্চ হার অব্যাহত থাকা আর্থিক খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এটি ব্যাংকগুলোর মুনাফা অর্জন ক্ষমতা, মূলধনী ভিত্তি ও তারল্যকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মুদ্রানীতির কার্যকারিতাকেও দুর্বল করে দিচ্ছে।

সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, মোট খেলাপি ঋণের হার ২০২৪ সালের ডিসেম্বরের ২০ দশমিক ২০ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩৫ দশমিক ৭৩ শতাংশে পৌঁছায়। পরে তা কমে ২০২৬ সালের মার্চে ৩২ দশমিক ২৬ শতাংশে নেমে আসে।

দ্য ডেইলি স্টার

নিউ এইজের শিরোনাম ‘ICT jails Inu for 30 years for July atrocities’ অর্থাৎ ‘জুলাই হত্যাকাণ্ডের দায়ে ইনুর ৩০ বছরের কারাদণ্ড’।

খবরে বলা হচ্ছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার ট্রাইব্যুনাল মোট আটটি অভিযোগের মধ্যে তিনটিতে ইনুকে কারাদণ্ড দেন।

তবে, আদালতের আদেশে বলা হয়েছে সাজাগুলো যুগপৎভাবে কার্যকর হবে, অর্থাৎ ইনুকে সর্বোচ্চ ১০ বছর জেল খাটতে হবে।

ইনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, ষড়যন্ত্র এবং উসকানি।

ট্রাইব্যুনলের পর্যবেক্ষণে বলা হয়েছে, জুলাই-আগস্টের বিক্ষোভ চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনাসহ পাঁচটি অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

ট্রাইব্যুনাল ইনুকে দুটি অভিযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা প্রদানের নির্দেশ দিয়েছে।

নিউ এইজ