Source : BBC NEWS
SCREEN GRAB
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
“তিনি ভারত সরকারকে লিখিত কিছু বলেছেন বলে আমার জানা নেই। যেসব অডিও বক্তব্য আমাদের সামনে আসে সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কি না আমাদের সন্দেহ আছে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।
তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী কোন আসামি বিচার প্রক্রিয়া এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তার পক্ষে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবেনা।
“শেখ হাসিনা দন্ডপ্রাপ্তির আগ থেকে পলাতক জীবন যাপন করছেন। তাকে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি মামলা মোকাবেলা এড়িয়ে গেছেন”।
মি. ইসলাম বলেছেন, এটি বলতে দ্বিধা নেই শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না বা নাই। থাকলে মামলা চলমান অবস্থায় এসে মামলা মোকাবেলা করতেন।
“তার আসার সদিচ্ছা থাকলে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতেন। তা না করে তিনি শুনি হুট করে ঢুকে পড়বেন, কখনো তার নেতাকর্মীদের কাছ থেকে শুনি চার্টার্ড বিমানে আসবেন, আবার শুনি পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে চলে আসবেন। এগুলো শুনে আওয়ামী লীগের অবুঝ বা নির্বোধ কর্মীরা নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করেন। এটি যারা করছেন, ভেস্টেড কোয়ার্টার শেখ হাসিনার নাম ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতার অপতৎপরতা চালাচ্ছেন,” বলেছেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, কোনো বিশেষ উদ্দেশ্যে শেখ হাসিনার এ জাতীয় তৎপরতা চালানো হচ্ছে কি না বা বিশেষ কোনো মহলের স্বার্থে এগুলো করা হচ্ছে কি না, শেখ হাসিনাকে কী কোনো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে কিংবা শেখ হাসিনার দলের কোনো ভেস্টেড কোয়ার্টার রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য এটা করছেন কি না তা স্পষ্ট নয়।




