Home LATEST NEWS BANGLA বরিশালে মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

বরিশালে মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

4
0

Source : BBC NEWS

ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর কয়েক দফায় গায়ের জার্সি পরিবর্তন করে ছবি পাঠানো হয় গণমাধ্যমের কাছে

ছবির উৎস, BMP

Published

পড়ার সময়: ৪ মিনিট

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ সোমবার একজনকে আটক করেছিল পুলিশ। যে ব্যক্তিকে আটক করা হয়েছিল তিনি ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গ্রেফতারের সময়ে তার গায়েও ছিল আর্জেন্টিনার জার্সি।

আটকের পর পুলিশ ইয়াবা সামনে রেখে ওই ব্যক্তির ছবিও তোলে। কিন্তু সেই ছবি যখন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে সরবারহ করা হয় তখন বদলে যায় জার্সি।

অভিযোগ ওঠে, ইয়াবাসহ আটক ওই যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বদলে দিয়েছে পুলিশ।

অবশ্যই এই অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, যাকে আটক করা হয়েছিল তিনি আর্জেন্টাইন সমর্থক। তার গায়ে আর্জেন্টির ফুটবল দলের জার্সিও ছিল। তবে একজন পুলিশের কর্মকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পড়িয়ে সেই ছবি মিডিয়া উইংয়ে সরবরাহ করেছে।

পুলিশের এই কর্মকর্তা এটিও বলেছেন যে, যেই পুলিশ কর্মকর্তা ইয়াবা ব্যবসায়ীর গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে করেছেন সেটি দুষ্টুমি করেই করেছেন।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম তানজিল আহমেদ। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শকের দায়িত্বে রয়েছেন।

ঘটনাটি নিয়ে সমালোচনার পর ওই পুলিশ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে অভিযুক্ত পুলিশ শোকজের জবাব দিলে পরবর্তীতে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কী-না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বরিশাল পুলিশের ফেসবুক থেকে সব ছবি সরিয়ে বর্তমানে রাখা হয়েছে এই ছবিটিকে

ছবির উৎস, BMP

ঘটনাটি কী ঘটেছিল?

গত সোমবার বিকেলে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা-পুলিশ।

ওই ব্যক্তিকে আটকের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম নগরীর বিভিন্ন স্থান থেকে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় নিয়মিত মামলায় আরও ছয়জনকে আটকের কথা জানানো হয় বিবৃতিতে।

আটকের সময় ইয়াবা ব্যবসায়ী মি. হাওলাদারের গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি।

পরে কাউনিয়া থানায় নেওয়ার পর পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির আর্জেন্টিনার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বা বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

স্থানীয় গণমাধ্যকর্মীরা জানান, ওই ব্যক্তির আর্জেন্টিনার উল্টো করে পরা জার্সিটি কিছুক্ষণ পর সরিয়ে ফেলা হয় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে।

এর কিছুক্ষণ পর এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে ওই মাদক ব্যবসায়ীর গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে আবারো ছবি পাঠানো হয় গণমাধ্যমে।

মূলত ওই ছবিটি পাঠানোর পর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের কেউ কেউ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সনজিত চন্দ্র নাথ বিবিসি বাংলাকে বলেন, “যখন ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় তার গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। প্রথমে জার্সিটা উল্টায়ে পরানো হয়েছিল। পরে আবার মিডিয়া সেল থেকে একটি ছবি দেওয়া হয় ব্রাজিলের জার্সিসহ”।

তবে পুলিশের দাবি, পুরো ঘটনাটি ঘটিয়েছে তানজিল আহমেদ নামে ওই এএসআই বা উপপরিদর্শক। যিনি এটি মজা করতে গিয়েই করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বিবিসি বাংলাকে বলেন, “একবার আর্জেন্টিনার জার্সি সেটি উল্টিয়ে পরিয়েছে। পড়ে আবার ব্রাজিলের জার্সি পরানোর ঘটনাও ঘটেছে”।

এআই প্রযুক্তি ব্যবহার করে গায়ে পরানো হয়েছিল ব্রাজিল জার্সি

ছবির উৎস, BMP

শোকজ করা হয়েছে ওই পুলিশকে

সোমবার একই ব্যক্তির গায়ে আর্জেন্টিনা দলের উল্টো করে জার্সি ও পরবর্তীতে তার গায়েই ব্রাজিল ফুটবল দলের ছবি পরিয়ে দেওয়া ঘটনাগুলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল গ্রুপ ও ফেসবুক পেজ থেকেই হয়েছিল।

এই ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে নিউজ হওয়ার পর দুই ধরনের ফটোকার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বিবিসি বাংলাকে বলেন, ছবি যদি আসল হতো সেটি কোন সমস্যা ছিল না। কিন্তু ছবিটি আসলে এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

তিনি জানান, এই ঘটনাটি নিয়ে দেশে নানা আলোচনা তৈরির পর পুলিশ কর্মকর্তা তানজিল আহমেদকে তিনি ফোন দেন। জবাবে ওই পুলিশ কর্মকর্তা তাকে জানিয়েছেন, এটি তিনি করেছেন মজার ছলে।

মি. সাঈদ বলেন, “তার যুক্তি হচ্ছে, যেহেতু খেলা চলছে, তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছি, এটা মানুষের দৃষ্টিগোচর হওয়ার পর এটা করেছি। তার যুক্তি ছিল দুষ্টুমির ছলেই করেছে”।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমি শোকজ করেছি। সে জবাব দেবে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে”।

বরিশাল পুলিশের কাছে প্রশ্ন ছিল যেই পুলিশ কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত তিনি আসলে কোন দলের সাপোর্টার।

এর জবাবে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সনজিত চন্দ্র নাথ বিবিসি বাংলাকে জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তানজিল আহমেদ মূলত স্পেন ফুটবল দলের সমর্থক।