Source : BBC NEWS
Getty Images
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্তও শিথিল করেছে ঢাবি।
এর আওতায় বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবির উপ-উপাচার্য আলমোজাদ্দেদি আলফেছানি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমাদের আজকে সাধারণ ভর্তি কমিটির জরুরি মিটিং এ আমরা সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পূর্বের যে সিদ্ধান্ত ছিল ২৫ শে নভেম্বর পর্যন্ত আমাদের আবেদনের সর্বশেষ সময়সীমা এবং পাঁচই ডিসেম্বর থেকে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পূর্বের সকল সময়সূচি আমরা বহাল রেখেছি।”
দুপুরে ইউজিসি চেয়ারম্যান সিদ্ধান্ত জানানোর পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় জনসংযোগ দপ্তর জানায়, গত ৩১শে অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬ – ২০২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন।
ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাদের ফলাফল আগামী ২৩শে নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
“আজ সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬ বহাল রাখা হয়েছে” বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬ – ২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ই নভেম্বর, দুপুর ১২টায় শুরু হবে। আর ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন করার সময়সীমা শেষ হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী পাঁচই ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯শে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া চারুকলা ইউনিটে ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।




