Home LATEST NEWS BANGLA পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ’

পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ’

3
0

Source : BBC NEWS

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

Published

পড়ার সময়: ৮ মিনিট

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনারে সঙ্গে সাক্ষাৎ করেছেন; সৌদি আরবের নেতৃত্বে গঠিত প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ, দিল্লিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা এবং দেশের অর্থনীতি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার নানা অশনিসংকেতের পর এবার সরকারি নথিতেও বড় ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে— শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এমন খবর গুরুত্ব পেয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর গতকাল শুক্রবার ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে একটি ‘ভালো’ বৈঠক হয়েছে।

তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তিনদিনের সফরে ঢাকায় আসার পরই সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার আগে ভারতের হাইকমিশনারের সঙ্গে এই বৈঠক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মানবজমিন

জুলাই আন্দোলনের ঘটনায় সারাদেশে দায়ের হওয়া এক হাজার ৮৬৫টি মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশের বিভিন্ন ইউনিট। প্রায় দুই বছরে ২৫৯টি মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে, যা মোট মামলার ১৩ দশমিক ৮৯ শতাংশ। অন্য মামলাগুলোর তদন্ত চলছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এক হাজার ৮৬৫ মামলার মধ্যে হত্যা মামলা ৮০১টি। হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগে মামলা এক হাজার ৬৪টি। এসব মামলায় এজাহারনামীয় আসামি এক লাখ ৫৪ হাজার ৩৩১ জন।

এর মধ্যে গত ১৩ জুলাই পর্যন্ত ১০১টি হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আর হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ মামলায় এজাহারভুক্ত আসামি বিপুল সংখ্যক। কিছু ক্ষেত্রে স্বার্থান্বেষী ব্যক্তিরা অর্থ আদায়ের উদ্দেশ্যে নিহতের স্বজন দাবি করে মামলা দায়ের; আবার পূর্ববিরোধের জেরে অনেককে অভিযুক্ত করা হয়েছে। প্রতিটি মামলা ও আসামির বিরুদ্ধে থাকা তথ্যপ্রমাণ সতর্কতার সঙ্গে যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে মামলার তদন্ত শেষ করতে সময় বেশি লাগছে।

এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় ৮৬২ মামলায় পাঁচ হাজার ৪১৬ জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

সংশ্লিষ্ট মামলায় যে অভিযোগ করা হয়েছে, এর সত্যতা না থাকায় মামলা থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয় বলে দাবি করছেন তদন্ত কর্মকর্তারা।

সমকাল

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের অর্থনীতির বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা নানা অশনিসংকেত দিয়েছে আগেই। এবার সরকারি নথিতেও বড় ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় প্রকাশিত ‘মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি’তে বলা হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের অর্থনীতিতে একসঙ্গে একাধিক ঝুঁকি দেখা দিতে পারে।

এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আয়ের দুর্বলতা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিম্ন প্রবৃদ্ধি এবং বৈদেশিক খাতে বড় ধরনের শঙ্কা অন্যতম।

এছাড়া, দুর্বল ব্যাংকব্যবস্থা, বিভিন্ন ঋণের বিপরীতে সরকারি গ্যারান্টি এবং প্রাকৃতিক দুর্যোগও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

ঝুঁকিগুলো সময়মতো মোকাবেলা করতে না পারলে অর্থনীতি বড় সংকটে পড়তে পারে বলেও এতে বলা হয়। যার ফলে চলতি অর্থবছরে সরকারের ব্যয়, রাজস্ব আয় এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন কঠিন হবে।

তবে ২০২৭-২৮ অর্থবছর থেকে সমস্যা কিছু কমবে।

যুগান্তর

এই খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল বিএনপিতে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের অতীতে দল ও দেশের জন্য ভূমিকা, অভিজ্ঞতা, দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা ও পরিচিতি, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সরকার ও দলের সাংগঠনিক ভারসাম্য এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক ঝুঁকি সবকিছু বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে দলটি।

আজ শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ইস্যুটি নিয়ে আলোচনা হবে।

তবে অতীতের ধারাবাহিকতায় এবারও প্রেসিডেন্ট নির্বাচনের একক ক্ষমতা দেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর।

তিনি অনেক সমীকরণ মাথায় রেখে সব দিক বিবেচনায় নিয়ে যাকে যোগ্য মনে করবেন, আলোচনা করে তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

নয়া দিগন্ত

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— Hasina not allowed to use Indian soil for politics; অর্থাৎ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার।

গত বৃহস্পতিবার লোকসভায় উত্থাপিত পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির নবম প্রতিবেদনের জবাবে ভারত সরকার তাদের এ অবস্থান তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি ভারত ধারাবাহিকভাবে অনুসরণ করে আসছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি বজায় রাখা হয়েছে।

প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারতে রাখার বিষয়ে নয়াদিল্লির অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে।

এতে বলা হয়, যাদের জীবনের ওপর তাৎক্ষণিক হুমকি রয়েছে বা যারা ব্যতিক্রমী মানবিক পরিস্থিতির মুখোমুখি, তাদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের সভ্যতাগত মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ওই বিবেচনাতেই শেখ হাসিনাকে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার।

এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক বিবেচনার পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতা, আইনি অঙ্গীকার ও কূটনৈতিক সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখার সুপারিশ করেছে পার্লামেন্টের স্থায়ী কমিটি।

ভারত সরকারের প্রতিবেদনে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধটি বিবেচনা করছে এবং প্রযোজ্য আইনি কাঠামো অনুযায়ী তা প্রক্রিয়াধীন। এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দ্য ডেইলি স্টার

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— All S Alam factories in Ctg shut down, around 6,000 workers lose jobs; অর্থাৎ চট্টগ্রামে এস আলমের সব কারখানা বন্ধ ঘোষণা; কাজ হারালেন প্রায় ছয় হাজার শ্রমিক।

এই খবরে বলা হয়েছে, আর্থিক ও কাঁচামাল সংকটের কারণে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এতে এসব কারখানার প্রায় ছয় হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার দুপুরে নোটিশ বোর্ডে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনার কথা উল্লেখ করে জানানো হয়, তালিকাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, যা পহেলা আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে।

সেই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা শুরু হয়েছে।

আকস্মিক এই ছাঁটাইয়ের খবরে কারখানার শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

প্রথম আলোর প্রধান শিরোনাম— সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ।

এই খবরে বলা হয়েছে, লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিতে বাধা পেয়ে ১৪টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এতে যোগ দিয়েছে বাংলাদেশ।

লোহিত সাগর, বাব আল- মানদেব প্রণালি ও এডেন উপসাগর দিয়ে সব ধরনের জাহাজের স্বাধীনভাবে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা নতুন এই জোটের লক্ষ্য।

গত বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এই জোট গঠন নিয়ে আলোচনায় ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অংশ নেয় ৪৩টি দেশ।

সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ ছাড়া এই জোটে বাকি দেশগুলো হচ্ছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও নাইজেরিয়া

দৈনিকটির চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের ৩২৫ গবেষণাপত্র— শিরোনামের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৬ সালের জুন সময়ে প্রত্যাহার হওয়া অন্তত ৩২৫টি গবেষণাপত্রের খোঁজ পেয়েছে দৈনিকটি, যেগুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষকের সংযুক্তি রয়েছে।

৩২৫টি গবেষণার মধ্যে ৪৪টিতে ড্যাফোডিল ইউনিভার্সিটি, ৪২টিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ৩২টিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১টিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এবং ২০টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নাম রয়েছে।

১১টি করে গবেষণায় নাম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (১০), নোয়াখালী বিজ্ঞান, ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০), বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি (১০), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (৭), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (৬) গবেষকেরাও রয়েছেন এই তালিকায়।

তার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মনিরুজ্জামান খানেরই ২৬টি গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনা ঘটেছে।

প্রথম আলো

উচ্চ শিক্ষায় দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন কলা ও মানবিক বিষয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর প্রায় ৪২ শতাংশই এ অনুষদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এ ধারার বিষয়গুলো নিয়ে পড়ছেন। শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে থাকলেও আন্তর্জাতিক একাডেমিক মানে পিছিয়ে দেশের কলা ও মানবিক শিক্ষা।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৬-এর বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এসব বিষয়ে বিশ্বের ৫৫২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে, যেখানে নেই বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়।

কিউএস সাধারণত একাডেমিক সুনাম, নিয়োগকর্তাদের মূল্যায়ন, গবেষণাপত্রের সাইটেশন, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং করে। সামগ্রিক র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

তাদের কলা ও মানবিক বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান না পেলেও প্রতিবেশী ভারতসহ এশিয়ার মোট ১৩১টি জায়গা করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে চীনের, ২৬টি।

এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

বণিক বার্তা

এতে বলা হয়েছে, দেশের বেশিরভাগ মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে বাংলা কিউআর এখনও পরিচিত বা নিয়মিত ব্যবহারের মাধ্যম হয়ে ওঠেনি। অথচ ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক ও সর্বজনীন করেছে বাংলাদেশ ব্যাংক।

কিন্তু এই ব্যবস্থার মাশুল, হিসাব খোলার জটিলতা, স্মার্টফোনের সীমিত ব্যবহার, ইন্টারনেটের উচ্চ মূল্যসহ নানা বাধায় তা সর্বজনীন ডিজিটাল লেনদেনের মাধ্যম হয়ে উঠতে পারছে না বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।

ব্যবসায়ীরা বলছেন, বাংলা কিউআরে ১ শতাংশ মাশুল গুনতে হয়। এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে এই লেনদেনে অনাগ্রহী।

তাছাড়া, কিউআরে হিসাব খোলার প্রক্রিয়াটি এখনো পুরোপুরি ডিজিটাল হয়নি। ফলে অনেক বিক্রেতা প্রয়োজনীয় নথিপত্রের অভাবে হিসাব খুলতে পারছেন না।

খোদ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, বর্তমানে দেশজুড়ে বাংলা কিউআর ব্যবহার করে দিনে গড়ে ৩৫ থেকে ৩৭ হাজার লেনদেন হচ্ছে।

আজকের পত্রিকা

এই খবরে বলা হয়েছে, এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, সেই সঙ্গে ক্ষণে ক্ষণে বর্ষণে দেশে সড়ক ও জনপথ অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমপক্ষে সাড়ে ছয় হাজার কি. মি. সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এসব সড়ক-মহাসড়ক সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্দেশে জরুরি রক্ষণাবেক্ষণকাজ শুরু হয়েছে।

স্থায়ী মেরামতকাজের জন্য ব্যয় প্রস্তাব তৈরি করা হচ্ছে। এলজিইডি ও সওজ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

উভয় অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরও বন্যায় দেশে এই দুই অধিদপ্তরের সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় হাজার কিমি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার মাঠ পর্যায়ের সব তথ্য এলে ক্ষতির পরিমাণ সাত হাজার কি. মি. ছাড়াবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সওজ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় চট্টগ্রাম, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক বিভাগের আওতাধীন সড়কগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালের কণ্ঠ