Home LATEST NEWS BANGLA পাকিস্তানে স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু, অনেকে আটকে থাকার শঙ্কা

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু, অনেকে আটকে থাকার শঙ্কা

4
0

Source : BBC NEWS

পেশোয়ারে ধসে পড়া স্কুল ভবনে উদ্ধারকাজ চলছে

Published

পড়ার সময়: ২ মিনিট

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনি এলাকায় একটি বেসরকারি স্কুলে আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

স্কুলটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং নিহত শিক্ষক ও শিশুদের পরিচয়ও এখনো জনসমক্ষে আনা হয়নি।

উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও শিশু ও মানুষ চাপা পড়ে থাকতে পারে; তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

আসিম আরও জানান, বেশিরভাগ শিশুই মাথায় আঘাত পেয়েছে। অনেক অভিভাবক হাসপাতালে এসে জড়ো হয়েছেন এবং ভিড় নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চেয়েছে।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, শিশুদের বয়স ছয় থেকে ১২ বছরের মধ্যে।

তিনি আরও জানান, ঘটনার পর এলআরএইচে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিবিসি উর্দুর সংবাদদাতা বিলাল আহমেদ জানান, পেশোয়ারের কর্তৃপক্ষ দুপুরের দিকে জানিয়েছে যে স্কুল ভবন ধসে পড়ার পর উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে সেখানে এখনো ধ্বংসস্তূপ পড়ে আছে।

পুলিশ জানিয়েছে, স্কুলটির মালিককে গ্রেফতার করা হয়েছে।

বিলাল আহমেদ ঘটনাস্থল থেকে আরো জানিয়েছেন, স্কুলটি একটি দোতলা ভবনে অবস্থিত। ভবনটিতে প্রচলিত পদ্ধতিতে তৈরি ছাদের বদলে প্রিফ্যাব্রিকেটেড ছাদ ছিল বলে মনে হচ্ছে।

ধ্বংসাবশেষ দেখে ধারণা করা যায়, ওপরের একটি কক্ষের ছাদের ধ্বংসাবশেষ নিচে পড়ার পর সেটিই নিচতলায় দ্বিতীয় শ্রেণির শিশুদের ওপর গিয়ে পড়ে।

স্কুলটির সামনে মানুষের ভিড়

এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দপ্তর এক বিবৃতিতে বলেছে, “এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পুরো জাতি স্তম্ভিত হয়ে পড়েছে।”

প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রেসিডেন্ট “আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন”। এছাড়া তিনি ঘটনার কারণ নির্ধারণে একটি পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তাদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্ডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।

স্কুলটির সামনে ভিড় করেছেন শিক্ষার্থীদের অভিভাবকসহ অনেকে

সরু রাস্তার কারণে উদ্ধারকাজে সমস্যা

ঘটনাস্থলে পৌঁছানো বিবিসি উর্দুর সংবাদদাতা বিলাল আহমেদ জানিয়েছেন, স্কুলটি শহরের এমন একটি সরু গলির মধ্যে অবস্থিত, যেখানে একবারে মাত্র একটি গাড়ি চলাচল করতে পারে। এ কারণে উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাতে এবং আহতদের হাসপাতালে নিতে সমস্যার মুখে পড়ছেন।

প্রত্যক্ষদর্শী সোহাইল বিবিসিকে বলেন, “আমার বোন আমাকে ফোন করে বলেছিল, ‘ভাই, তাড়াতাড়ি আসো’। স্কুলের ছোট ছোট শিশুরা ছাদের নিচে চাপা পড়েছিল। আমি এবং এলাকার লোকজন দ্রুত কোদাল দিয়ে তাদের বের করার চেষ্টা করি।”

উদ্ধারকাজ এখনো চলছে এবং স্কুলটি বা সেখারকার কারো সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন ব্যক্তিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে পেশোয়ারের উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি বলেন, “আজ সকালে ৮টা ৪৮ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে খবর আসে যে স্কুলটির ছাদ ধসে পড়েছে। আমরা সেখানে পৌঁছে দেখি, ভবনটির একটি ছাদ আরেকটি ছাদের ওপর ধসে পড়েছে। ওই শ্রেণিকক্ষের শিশুরা এর নিচে চাপা পড়ে।”

তিনি জানান, আরও শিশুদের বের করে আনতে উদ্ধার তৎপরতা চলছে।