Home LATEST NEWS BANGLA সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠক

সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠক

3
0

Source : BBC NEWS

সাজেক

রাঙামাটি জেলার সাজেকে তৃতীয়
দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি
তৈরি হয়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

রোববার দুপুরে এ কথা
জানান তিনি।

মিজ মারজান বলেন, “অবরোধ
চলছে কিন্তু কোন ধরনের সহিংস পরিস্থিতির খবর পাইনি এখনো। পরিস্থিতি স্বাভাবিক আছে।
আইনশৃঙ্খলা বাহিনী ফিল্ডে আছে।”

সাজেক বাদে অন্যান্য
স্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, রাঙামাটির পুলিশ
সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই বিষয়ে
হেডম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পরিস্থিতি শিগগিরই
স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

“বিগত দিন যেমন কোন গাড়ি
চলছিল না, এখন অল্প অল্প গাড়ি চলছে, বাজারঘাট, দোকান খুলেছে। আজকে বড় একটা মিটিং
হলো। রাঙামাটির এমপি, খাগড়াছড়ির এমপি ছিলেন। ডিসি অফিসে এই মিটিংটা হলো। আলোচনা
চলতেছে, অচিরেই ইনশাল্লাহ এটা স্বাভাবিক হবে” বলেন মি. রকিব।

সাজেক থেকে বাঘাইহাট সড়কে ও বাঘাইছড়িতে পঞ্চম দিনের মতো এই অনির্দিষ্টকালের এই অবরোধ চলছে।

সোমবার বাঘাইছড়িতে আবার
হেডম্যানরা স্থানীয়দের সাথে বৈঠক করে সমাধানের চেষ্টা করবে বলে জানান রাঙামাটির পুলিশ
সুপার।

এদিকে, দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

তিন দফায় অবরোধ কর্মসূচি
ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, পাহাড়ি সংগঠনগুলোর
অনেকগুলো ভাগ রয়েছে।

“পাহাড়ে অনেকগুলো গ্রুপ আছে,
এখানে জনসংহতি সমিতি, ইউপিডিএফ ছাড়াও একই নামে আরো দুইটা আছে, একটা রিফর্মিস্ট আরেকটা
ইউপিডিপি ব্রেকেটে.. এরকম চার-পাঁচটা ফ্রাকশন আছে” জানান তিনি।

“তাদের মধ্যে অন্তর্দর্ন্দ্ব
আছে। তবে পর্যটন মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই তারা পাহাড়ে কিছু জায়গা, কিছু অঞ্চল
নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলও আছে। আমরা আইনশৃঙ্খলা
পরিস্থিতি সঠিক রাখার জন্য আমাদের পক্ষ থেকে সকল প্রচেষ্টা নেয়া হয়েছে। বাংলাদেশ
সেনাবাহিনীর পক্ষ থেকেও তারা সকল ব্যবস্থা নিয়েছে এবং আরো নিবে,” বলেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া রাজনৈতিক পর্যায়ে ওই
এলাকার যারা বসবাসকারী আছে, তাদের মধ্যে হেডম্যান এবং অন্যান্য নেতৃস্থানীয়
ব্যক্তি আছে তাদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

একইসঙ্গে, পাহাড়ে শান্তি
রক্ষার জন্য সকল প্রচেষ্টা বজায় রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
আহমদ।